২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বৃষ্টি নেই, তবু সবজির দাম চড়া

গত সপ্তাহে চট্টগ্রামে যে বৃষ্টির অজুহাতে সবজির দাম বাড়ানো হয়েছিল, সেই বৃষ্টি অব্যাহত না থাকলেও কাঁচাবাজারে দাম আর নামেনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2016, 05:46 PM

Updated : 20 Aug 2022, 02:04 PM

শুক্রবার সরেজমিনে নগরীর পাইকারি পণ্যের বৃহত্তম কাঁচাবাজার রিয়াজউদ্দিন বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহ দুয়েক আগে ৩০ থেকে ৫০ টাকার দামের সবজিগুলো ৬০ টাকা থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

রিয়াজউদ্দিন বাজারে বেসরকারি চাকরিজীবী নাহার নাজমুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আশা করেছিলাম, এ সপ্তাহে হয়ত দাম কমবে। কয়েকটি ছাড়া অধিকাংশ সবজির দাম খুব চড়া।”

এই বাজারের চৈতন্য গলির সবজির খুচরা বিক্রেতা মো. রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত সপ্তাহের তুলনায় কয়েকটি সবজির দাম কিছুটা কমেছে।  

টমেটো গত সপ্তাহে ৯০ টাকায় বিক্রি হলেও শুক্রবার ৭০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান রাসেল।

“গত সপ্তাহে কেজিতে ১৪০ টাকায় বিক্রি হওয়া শিম এখন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। অন্যান্য সবজির দাম অপরিবর্তিত রয়েছে।”

গত সপ্তাহের মতই মানভেদে বরবটি, পটল, চিচিঙ্গা, কাকরল ও ঢেড়শ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

বাজারে নতুন ফুলকপি ও শীতের নতুন আলুর দেখা মিললেও সেগুলো রয়েছে সাধারণের নাগালের বাইরে। ফুলকপি প্রতি কেজি ১২০ টাকা ও নতুন আলু পাওয়া যাচ্ছে ৮০ থেকে ৯০ টাকার মধ্যে।

দাম কমেনি কাঁচামরিচেরও; প্রতিকেজি বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে।

তেলাপিয়া প্রতি কেজিতে ১২০ থেকে ১৫০ টাকা, রুই ২২০ টাকা, সাগরের টাইগার চিংড়ি ৩৫০ টাকা ও লইট্টা মাছ ৮০ থেকে ১০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

হেরফের হয়নি ব্রয়লার মুরগির দামেও। গত সপ্তাহের মতই ১৩৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে ব্রয়লার মুরগি। সোনালী মুরগি ২২০ টাকা ও দেশি মুরগি পাওয়া যাচ্ছে ৩২০ টাকায়।

হাঁড়ছাড়া গরুর মাংস পাওয়া যাচ্ছে ৫৫০ টাকা, হাঁড়সহ ৪৫০ টাকায়।