২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বর্ণকারদের জন্য ‘গোল্ড ব্যাংক’ স্থাপনের দাবি

দেশের বিদ্যমান স্বর্ণ ব্যবসার প্রসারে এই খাতে ‘গোল্ড ব্যাংক’ নামের একটি বিশেষায়িত ব্যাংক অনুমোদনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2016, 08:51 PM

Updated : 20 Aug 2022, 02:03 PM

মঙ্গলবার স্বর্ণ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এ দাবি তোলেন সমিতির নেতারা।

সেই সঙ্গে সম্ভাবনাময় এই শিল্পখাতকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের আওতায় আনার দাবি জানানো হয় বলে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

বাজুসের সভাপতি গঙ্গাচরণ মালাকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ও এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমদ উপস্থিত ছিলেন।

গঙ্গাচরণ বলেন, দেশের ২৮ লাখ মানুষ এই ব্যবসার সঙ্গে জড়িত। এই শিল্পের প্রসারে একটি ব্যাংক থাকা প্রয়োজন। 

বাংলাদেশে স্বর্ণ ব্যবসাকে একটি সম্ভাবনাময় খাত অভিহিত করে এই খাতের উন্নয়নে সরকারে পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম।

সেই সঙ্গে স্বর্ণ ব্যবসায়ীদের দাবি অনুযায়ী দেশে গোল্ড ব্যাংক স্থাপনে সরকারের কাছে অনুরোধ করবেন বলেও আশ্বাস দেন তিনি।

এফবিসিসিআই’র সভাপতি মাতলুব আহমেদ তার বক্তব্যে স্বর্ণ শিল্পকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অন্তর্ভুক্ত করা প্রয়োজন ব্যবসায়ীদের সঙ্গে একমত হওয়ার কথা জানান।