২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক কল্যাণ তহবিলে সিনজেনটার ৩৫ লাখ টাকা

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের ৩৫ লাখ ১৪ হাজার টাকা দিয়েছে সিনজেনটা বাংলাদেশ লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2016, 08:09 PM

Updated : 20 Aug 2022, 01:36 PM

মঙ্গলবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর কাছে সিনজেনটার ব্যবস্থাপনা পরিচালক সাজেদুল হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল লভ্যাংশের এই চেক হস্তান্তর করেন।

এখন পর্যন্ত ৭২টি কোম্পানি শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ১৭৫ কোটি টাকা দিয়েছে বলে শ্রম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শ্রম আইন অনুযায়ী, উৎপাদনশীল প্রতিষ্ঠানের এক বছরের নিট লভ্যাংশের পাঁচ শতাংশের মধ্যে চার শতাংশ অর্থ নিজ কোম্পানির শ্রমিকদের জন্য বরাদ্দ থাকে।

বাকি এক শতাংশের অর্ধেক প্রতিষ্ঠানের নিজস্ব শ্রমিক কল্যাণ তহবিল এবং বাকি অর্ধেক শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা দিতে হয়।

এই তহবিল থেকে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু, স্থায়ীভাবে অক্ষম, দুর্ঘটনায় আহত শ্রমিকের চিকিৎসা, মাতৃত্বকালীন এবং শ্রমিকের সন্তানদের উচ্চ শিক্ষায় অর্থ দেওয়া হচ্ছে বলে জানান শ্রম প্রতিমন্ত্রী চুন্নু।

এছাড়া প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের যৌথ বিমার প্রিমিয়ামের অর্থও এই খাত থেকে দেওয়া হচ্ছে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

শ্রমিক কল্যাণ তহবিল থেকে এ পর্যন্ত দুই কোটি টাকারও বেশি সহায়তা দেওয়া হয়েছে। কারখানায় কর্মরত অবস্থায় অসুস্থ হলেও এই তহবিলের অর্থে শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে শ্রম সচিব মিকাইল শিপার, শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ম আ কাসেম মাসুদ, সিনজেনটার ওয়ার্কাস প্রফিট পার্টিসিপেইশন ফান্ডের চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।