বাজারে আসছে ওয়ালটনের ল্যাপটপ
ইনটেল করপোরেশন ও মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহার করে বাজারে ল্যাপটপ ছাড়ছে ওয়ালটন। এছাড়াও বেশ কিছু প্রযুক্তিপণ্য বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওলাটন জানিয়েছে, প্রথম পণ্য হিসেবে চলতি মাসের শেষের দিকে তারা বাজারে ‘ওয়ালটন ল্যাপটপ’ আনছে।
গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা কমপ্লেক্সে মেশিনারিজ ইনস্টলেশন চলছে বলেও জানানো হয়।
মাইক্রোসফটের জেনুইন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার থাকায় কোনো ধরনের অ্যান্টিভাইরাস ছাড়াই ব্যবহার করা যাবে ওয়ালটন ল্যাপটপ।
ল্যাপটপে ষষ্ঠ প্রজম্মের কোরআই-৩, ৫ ও ৭ প্রসেসর সরবরাহ করছে ইনটেল।
প্রাথমিকভাবে ওয়্যাক্স জাম্বু, কেরোন্ডা, টেমারিন্ড ও প্যাশন-এই চার সিরিজের মোট ২০টি মডেলের ল্যাপটপ বাজারে ছাড়বে ওয়ালটন। দাম হবে ২৯ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ৯৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত। ক্রেতাদের জন্য থাকবে সহজ শর্তে ১২ মাসের কিস্তি সুবিধা।
শর্তসাপেক্ষে একবছরের ফ্রি বিক্রয়োত্তর সেবাও দেবে প্রতিষ্ঠানটি।
