২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে বিক্রির তালিকায় ‘শীর্ষে’ স্যামসাং টিভি

গত দশ বছর ধরে সারা বিশ্বে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের টেলিভিশনের মধ্যে স্যামসাং টেলিভিশন প্রথম স্থান দখল করেছে বলে দাবি করেছে স্যামসাং ইলেকট্রনিক্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2016, 11:08 PM

Updated : 20 Aug 2022, 01:29 PM

শনিবার এক বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানায়, যুক্তরাজ্য ভিত্তিক ব্যবসা উন্নয়ন প্রতিষ্ঠান ইনফরমেশন হ্যান্ডলিং সার্ভিসের (আইএইচএস) প্রকাশিত ‘টিভি সেটস ইনটেলিজেন্স সার্ভিস-প্রিমিয়াম’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে ২০০৬ থেকে ২০১৫ পর্যন্ত বিশ্বব্যাপী টিভি মার্কেট শেয়ার ডাটা ভিত্তিক বার্ষিক ইউনিট এবং রাজস্বসহ শীর্ষ তিন নির্মাতা কোম্পানির র‌্যাংক প্রকাশিত হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ১০ বছর ধরে বার্ষিক ইউনিটে সর্বোচ্চ মার্কেট শেয়ার এবং রাজস্ব আয় উভয়ের ভিত্তিতেই স্যামসাং প্রথম স্থান দখল করে আসছে। সম্প্রতি আইএইচএস এই পরিসংখ্যান তুলে ধরে।

এতে বলা হয়, শীর্ষ ইনসাইট সোর্স, বিশ্লেষক এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের কারণেই এই শিল্পে স্যামসাং ২০০৬ সাল থেকে শীর্ষ স্থান দখল করে আসছে।

স্যামসাং বাংলাদেশ ব্রাঞ্চের হেড অব কনজ্যুমার ইলেকট্রনিক্স ফিরোজ মোহাম্মদ বলেন, “এ মাসের শেষে স্যামসাং বাংলাদেশ ২০১৬ মডেলের টিভিগুলো বাংলাদেশের মার্কেটে নিয়ে আসবে।”

এসইউএইচডি টিভি, ইউএইচডি টিভি, স্মার্ট টিভি, কার্ভড টিভি এবং ফুল এইচডি টিভি বাজারে নিয়ে আসার মাধ্যমে স্যামসাং গ্রাহকদের প্রত্যাশা এবং চাহিদাগুলোকে সফলভাবে পুরণ করতে পেরেছে।

স্যামসাং-এর নিয়মিত গবেষণার ফলে গ্রাহকরা টিভি দেখার সেরা অভিজ্ঞতা পাচ্ছেন, এর ফলেই স্যামসাং ১০ বছর ধরে বিশ্বের শীর্ষ টিভি ব্র্যান্ডের স্থান দখল করে আসছে বলে তাদের ভাষ্য।