২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাভী পালনে ঋণ পেতে জামানত লাগবে না

গাভী পালনে ঋণ পেতে এখন থেকে কোনো জামানত দিতে হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2016, 10:10 PM

Updated : 20 Aug 2022, 01:28 PM

বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে সরকারি, বেসরকারি ও বিশেষায়িত সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়, “উক্ত ঋণের জন্য প্রযোজ্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত বর্তমানে অনুসৃত অন্যান্য নীতিমালা যেমন আবেদনপত্র গ্রহণ ও প্রক্রিয়াকরণের সময়কাল, ঋণ গ্রহীতার যোগ্যতা নিরূপণ, পাস বইয়ের ব্যবহার, ঋণ বিতরণ, ঋণের সদ্ব্যবহার, তদারকি ও আদায় প্রক্রিয়া যথারীতি অনুসৃত হবে।

“তবে ঋণ প্রদানের ক্ষেত্রে কোনো রূপ সহায়ক জামানত গ্রহণ করা যাবে না।”

২০১৫ সালের ২ জুন ‘বাংলাদেশকে দুধে স্বয়ংসম্পূর্ণ করার জন্য ৫ শতাংশ সুদে ঋণ প্রদানের লক্ষ্যে পুনঃঅর্থায়ন কর্মসূচি (রিফাইন্যান্স স্ক্রিম)’ গঠন করে বাংলাদেশ ব্যাংক।

দেশের বেকার যুবকদের আত্মকর্মসংস্থান, পুষ্টি চাহিদা পূরণসহ গুঁড়াদুধ ও দুগ্ধজাত পণ্যের আমদানি কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় ছিল এই পুনঃঅর্থায়ন কর্মসূচির উদ্দেশ‌্য।

দুগ্ধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে গাভী কেনা, লালন-পালন এবং কৃত্রিম প্রজননের মাধ্যমে সংকর জাতের গাভী পালনের জন্য বিদ্যমান ঋণ সুবিধার পাশাপাশি অধিকতর ঋণ প্রবাহের জন্য দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন খাতে ৫ বছর পর্যন্ত নবায়ন/আবর্তনযোগ্য ২০০ কোটি টাকার এই পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়।

ওই নীতিমালায় এই স্কিমের ঋণ দেওয়ার ক্ষেত্রে জামানত গ্রহণের বিষয়ে ব্যাংকগুলোকে কোনো নির্দেশনা দেওয়া ছিল না।

বৃহস্পতিবার সেই নীতিমালায় সংশোধন এনে ব‌্যাংকগুলোকে ঋণ দিতে জামানত না রাখার নির্দেশনা দেওয়া হলো।