২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ৬ মাসে ওয়ালটনের বিক্রি বেড়েছে ৪৫ শতাংশ

দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের তৈরি প্রযুক্তি পণ্যের বিক্রি ২০১৬ সালের প্রথম ৬ মাসে এর আগের বছরের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশ বেড়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2016, 12:47 AM

Updated : 20 Aug 2022, 01:24 PM

চলতি বছরে বিক্রির এই প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে বলে ওয়ালটনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০১৬ সালের শুরু থেকেই অভ্যন্তরীণ বাজারে ওয়ালটন ব্র্যান্ডের সব পণ্যের চাহিদা ও বিক্রি বেড়েছে ‘ব্যাপকহারে’। ফ্রিজ, এলইডি টেলিভিশন, এয়ার কন্ডিশনার, মোবাইল ফোনসহ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল গৃহস্থালি পণ্যের বিক্রি সবচেয়ে বেশি বেড়েছে।

ওয়ালটন বিপণন বিভাগের ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মো. রায়হানকে উদ্ধৃত করে এতে বলা হয়, গত বছরের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে সব পণ্যের বিক্রি বেড়েছে ‘আশাতীত’। গত বছরের জানুয়ারি থেকে জুন মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে প্রায় ৫০ শতাংশ বেশি ফ্রিজ বিক্রি হয়েছে। এসির বিক্রি বেড়েছে প্রায় ১০ শতাংশ।

এছাড়া টেলিভিশনের (কালার লাইন ও এলইডি টিভি) বিক্রি বেড়েছে প্রায় ৫৮ শতাংশ। চলতি বছরে এলইডি টিভি বিক্রিতে প্রায় ২৪১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, অভ্যন্তরীণ টেলিভিশন বাজারে যা একটি ‘মাইলফলক’।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্রিজ ও টেলিভিশনের মতো হোম এ্যাপ্লায়েন্সের বাজারেও ওয়ালটনের শক্তিশালী অবস্থান তৈরি হচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭৮ শতাংশ বেশি হোম ও ইলেকট্রিক্যাল এ্যাপ্লায়েন্সেস বিক্রি হয়েছে। ব্যাপক গ্রাহক চাহিদার প্রেক্ষিতে ওয়ালটন নিজস্ব কারখানায় ব্লেন্ডার, ইন্ডাকশন কুকার, গ্যাস স্টোভ, রিচার্জেবল ফ্যান, সিলিং ফ্যান, এলইডি লাইট, প্যানেল লাইট, সুইচ-সকেট, এসিড লেড রিচার্জেবল ব্যাটারিসহ বেশ কিছু গৃহস্থালি পণ্য উৎপাদন করছে। এগুলো মানের দিক থেকে আমদানিকৃত পণ্যের তুলনায় ‘অনেক উন্নত এবং দামেও সাশ্রয়ী’।

ওয়ালটনের নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান এমদাদুল হক সরকারকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, যে কোনো ‘ম্যাচিউরড’ প্রতিষ্ঠানের জন্য স্ট্যান্ডার্ড বা সন্তোষজনক প্রবৃদ্ধির হার ২৫ থেকে ৩০ শতাংশ। সেখানে ওয়ালটন প্রায় ৪৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে, যা দেশের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের বাজারে ঈর্ষণীয়।

ওয়ালটনের নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রেজওয়ানাকে উদ্ধৃত করে বলা হয়, ‘ওয়ালটনের বৈশিষ্ট্য হচ্ছে- আমাদের প্রবৃদ্ধি ধারাবাহিক। আশা করি সামনের দিনগুলোতে প্রবৃদ্ধির হার আরও বাড়বে।”