২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকগুলোকে দুর্গতদের পাশে দাঁড়াতে বললেন গভর্নর

বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন গভর্নর ফজলে কবির।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2016, 07:46 PM

Updated : 11 Oct 2022, 08:33 PM

সোমবার ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্টের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গভর্নর ব্যাংকগুলোর সিএসআর তহবিল থেকে বন্যার্তদের পুনর্বাসনে খরচের নির্দেশ দেন।

এ সময় তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে। সরকার পরিস্থিতি মোকাবিলায় উদ্যোগ নিয়েছে। বন্যা দুর্গোতদের পাশে ব্যাংকগুলোকেও এগিয়ে আসতে হবে।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ফজলে কবির বলেন, পুনর্বাসনের জন্য ব্যাংকগুলোকে তাদের সিএসআর তহবিল থেকে খরচ করতে হবে।

মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে বন্যা পরিস্থিতিতে সহায়তার জন্য ব্যাংকগুলোর জন্য খুব শিগগিরই একটি দিক-নির্দেশনা দেওয়া হবে বলে জানান ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।

পরে বিকেলে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো এক সার্কুলারে বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে আসার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় জনগোষ্ঠীর মাঝে অবিলম্বে প্রয়োজনীয় আর্থিক ও ত্রাণ সামগ্রী সরবরাহের অনুরোধ করা যাচ্ছে।   

সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন অঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে। এরমধ্যে গত কয়েকদিনে ফরিদপুর, রাজবাড়ী, শেরপুর ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। সিরাজগঞ্জ, জামালপুর, কুড়িগ্রাম ও টাঙ্গাইলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

সব জায়গাতেই ত্রাণের অভাবে মানবেতর জীবন যাপন করছে বানভাসি মানুষ।

মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।