২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি মাথায় ঈদের কেনাকাটা

ঈদের ছুটিতে রাজধানীর রাস্তাঘাট কিছুটা ফাঁকা হতে শুরু করলেও বিপণি বিতানগুলোতে চলছে ধুমধাম বেচাকেনা। বৃষ্টি উপেক্ষা করে শহর ছাড়ার আগে লোকজন শেষ মুহূর্তে প্রয়োজনীয় কেনাকাটা সারছেন। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2016, 12:55 AM

Updated : 20 Aug 2022, 01:08 PM

ঈদের তিন দিন আগে রোববার ঢাকার নিউ মার্কেট, চাঁদনী চক, সায়েন্স ল্যাবরেটরি, বসুন্ধরা শপিং কমপ্লেক্স, গুলিস্তান, বায়তুল মোকাররম এলাকায় পোশাকের দোকানগুলো উপছে পড়া ভিড় দেখা গেছে।

সকাল থেকে রাজধানীর বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি উপেক্ষা করে কেনাকাটা করতে এসে ভিতে জুবুথবু হয়েছেন অনেকে।

সকালে নিউ মার্কেট এলাকায় কথা হয় শিল্পী বেগমের সঙ্গে। তার চার বছর বয়সী মেয়ে শিশু একটি খেলনা গাড়ি কিনতে বায়না ধরে একটি দোকানের সামনে ঠাঁয় দাঁড়িয়ে যায়।

“এমনিতেই বৃষ্টিতে ভিজে গেছি। চল বাসায় যায়। গাড়ি কালকে কেনা যাব,” মেয়েকে বোঝাচ্ছিলেন তিনি।

নিউ মার্কেটের পাশে মিরপুর রোডের দুই ধারের ফুটপাতে রয়েছে কয়েকশ দোকান। পোশাকের এসব দোকানের ক্রেতাও কম নয়। তবে বৃষ্টির কারণে খোলা আকাশের নিচে বসা কিছু দোকানকে পলিথিনে ঢেকে বাধ্য হয়েছিলেন বিক্রেতারা।

এমন একটি জুতা দোকানের মালিক রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কী করব ভাই, বৃষ্টি আল্লার হুকুম। না হল এখন খুব ভালো বেচা কেনা হত।”

তবে ফুটপাতের যেসব দোকানের ওপর পলিথিনের ছাদ দেওয়া তাদের পরিস্থিতি কিছুটা ভালো। ক্রেতারা এসব দোকানে ভিড় করছেন, কিনছেন পছন্দের পণ্য।

এদিন বসুন্ধরা সিটিতে ক্রেতাদের উপছে পড়া ভিড় দেখা গেছে। দুপুর থেকে বেচাকেনায় ব্যস্ত হয়ে পড়েন দোকানিরা।

থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ঈদ কেনাকাটায় শেষ মুহূর্তের ব্যস্ততা দেখা গেছে বায়তুল মোকাররম ও গুলিস্তান এলাকায়ও। অনেকে বাড়ি ফেরার পথেও দোকানে ঢুঁ মারেন ‘সর্বশেষ’ কেনাকাটা সারতে।

দুপুরের পর বায়তুল মোকাররম উত্তর গেট ও পশ্চিম দিকে রাস্তায় ব্যাপক বিকিকিন চলতে দেখা গেছে।

২০০ থেকে ৫০০ টাকায় নিম্ন আয়ের মানুষ হকারদের কাছ থেকে পাঞ্জাবি, ২০০ থেকে ৪৫০ টাকায় পাজামা এবং আতর-টুপিসহ বিভিন্ন রকম ঈদ পণ্য কিনছিলেন সেখান থেকে।

মোহাম্মদ আকবর নামে একজন ক্রেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পীর ইয়ামেনি মার্কেট থেকে বৃহস্পতিবার ঈদ পাঞ্জাবি কেনেন তিনি। আর শুক্রবার বায়তুল মোকাররমের উত্তর গেটে আসেন পাজামা কিনতে।

“নিজের জন্য একটা এবং এক ছোটোভাইকে গিফট করার জন্য আরেকটি পাজামা কিনেছি। পাজামা ও টুপি এখান থেকে ভাল পাওয়া যায় বলে এসেছি।”

বিকাল ৩টার দিকে বায়তুল মোকাররমের উত্তর গেটে পাজামার দোকানি নুর আলমকে বিকিকিনিতে ব্যস্ত থাকতে দেখা যায় ক্রেতাদের সঙ্গে।

এর এক ফাঁকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শেষ মুহূর্তে বেচাকেনা ভালই করছি। প্রতিটি পাজামা একদাম ২৫০টাকায় বিক্রি হচ্ছে।”