২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলইডি প্যানেল ও ব্যাকলাইট শিল্পে ওয়ালটনের বিনিয়োগ

বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির সমন্বয়ে দেশেই এলইডি প্যানেল ও ব্যাকলাইট তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2016, 09:57 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

গাজীপুরের চন্দ্রায় স্থাপিত এই কারখানায় আগামী বছরের জানুয়ারি থেকে উৎপাদন শুরু করা যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

ওয়ালটনের সোর্সিং ইঞ্জিনিয়ারিং বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক তাওসীফ আল মাহমুদ জানান, বছরে ২০ লাখ ইউনিট এলইডি প্যানেল উৎপাদন করা যাবে, যা অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যাবে।

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনে আট লাখ বর্গফুট জায়গা জুড়ে নির্মাণ করা হচ্ছে চার তলা বিশিষ্ট এলইডি প্যানেল ও ব্যাকলাইট তৈরির কারখানা। অবকাঠামো নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে।

তাওসীফ জানান, এরই মধ্যে জার্মানি থেকে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির অপটিক্যাল গ্রেড এক্সট্রুশন মেশিনারিজ লাইন ক্রয়ের প্রক্রিয়া শেষ হয়েছে। কারখানায় যুক্ত হচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির হাইড্রোলিক ডাই কাটিং ও দ্রুত গতির ডট প্রিন্টিং সিস্টেম।

আগামী অক্টোবর থেকে এসব যন্ত্রপাতি স্থাপনের কাজ শুরু হবে। উৎপাদন শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে।

এলইডি ডিসপ্লেযুক্ত সব পণ্য যেমন টিভি, ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারের মনিটর, মোবাইল ও ট্যাবের ডিসপ্লে তৈরিতে ব্যবহার করা হয় এলইডি প্যানেল।

এটি দেশে উৎপাদিত হলে এলইডি ডিসপ্লে সম্বলিত পণ্যের উৎপাদনে খরচ বহুলাংশে কমবে বলে আশা করছে ওয়ালটন কর্তৃপক্ষ।