২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষু্দ্র-মাঝারি শিল্পে ‘বর্ধিত প্যাকেজ ভ্যাট’ কমানোর দাবি

বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য প্রস্তাবিত ‘বর্ধিত প্যাকেজ ভ্যাট’ কমানোর দাবি জানিয়েছে ব্যবসায়ীদের একটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2016, 06:04 PM

Updated : 20 Aug 2022, 12:56 PM

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।

‘প্যাকেজ ভ্যাট’ অনুসারে গত বছর পর্যন্ত ব্যবসায়ীদের কেনা-বেচার উপর ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনে সর্বোচ্চ ১৪ হাজার টাকা দেয়ার বিধান ছিল।

২০১২ সালের ‘মূসক ও সম্পূরক শুল্ক আইন’ অনুযায়ী এ বছরের জুলাই থেকে ওই পদ্ধতি বাতিল করে বিক্রির ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপের কথা ছিল।

ব্যবসায়ীদের দাবির মুখে অর্থমন্ত্রী চলতি বাজেটে প্যাকেজ ভ্যাট বাতিলের পরিকল্পনা এক বছর পিছিয়ে তার পরিমাণ বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করেছেন।

সংবাদ সম্মেলনে এ ‘বর্ধিত প্যাকেজ ভ্যাটকে’ ব্যবসায়ীদের জন্য ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন পুরাতন ঢাকা ব্যবসায়ী ঐক্য পরিষদের সমন্বয়কারী গিয়াস উদ্দিন খোকন।

তিনি বলেন, এই বর্ধিত ভ্যাট ব্যবসায়ীদের উপর ‘চেপে বসবে’।

“ব্যবসায়ীরাও চায় বর্ধিত প্যাকেজ ভ্যাটের পরিমাণ আগের চেয়ে বাড়ানো হোক। তবে কোনো অবস্থাতেই যেন সে বাড়ানোর পরিমাণ ২০ শতাংশের বেশি না হয়। অথচ অর্থমন্ত্রী এটি দ্বিগুণ করেছেন।”

প্যাকেজ ভ্যাটকে ‘স্থায়ীভাবে আইনে অন্তর্ভুক্ত’ করারও দাবি জানান এ ব্যবসায়ী।

“এর ফলে সরকারের রাজস্ব বাড়বে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিরা হয়রানীমুক্ত হয়ে কর দিতে উৎসাহী হবে।”

গিয়াস ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে কর অব্যাহতির সীমা ৩০ লাখ থেকে বাড়িয়ে ৩৬ লাখ করায় সরকারকে ধন্যবাদ জানান।

পরিষদের আরেক সমন্বয়কারী কামাল হোসেন জানান, প্রস্তাবিত বাজেটে ঢাকা অঞ্চলের প্যাকেজ ভ্যাটের উচ্চসীমা ১৪ হাজার থেকে বাড়িয়ে ২৮ হাজার টাকা করা হয়েছে।

“এটা অনেক বেশি। এফবিসিসিআই’ও এই ভ্যাট ১৮ হাজারে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে।

“আমরা ব্যাবসায়ী ও সরকারের কথা চিন্তা করে এটা সর্বোচ্চ ১৬ হাজার ৮’শ টাকা করার প্রস্তাব করেছি।”

সংবাদ সম্মেলনে অন্যান্যর মধ্যে আবুল খায়ের, নাসির উদ্দিন, মোহাম্মদ ইকবাল জামাল উপস্থিত ছিলেন।