২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানি: ১১ মাসে ৯ শতাংশ প্রবৃদ্ধি

প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে ভাটা পড়লেও রপ্তানি আয় বৃদ্ধি অব্যাহত রয়েছে।

আবদুর রহিম হারমাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 11:24 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

বিদায়ী ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ তিন হাজার ৬৬ কোটি (৩০.৬৬ বিলিয়ন) ডলার আয় করেছে।

এই অংক গত ২০১৪-১৫ অর্থবছরের একই সময়ের চেয়ে ৮ দশমিক ৯৫ শতাংশ বেশি।

অর্থবছরের শেষ মাস জুনের আয় যোগ হলে এবার রপ্তানি আয় ৩৪ বিলিয়ন (৩ হাজার ৪০০ কোটি) ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রতি মাসেই রপ্তানি আয় বাড়ছে। অর্থবছরের শেষ মাস জুনেও এটা অব্যাহত থাকবে। সবমিলিয়ে এবার আমাদের রপ্তানি আয় ৩৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে …।”

বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপে তৈরি পোশাক রপ্তানি বাড়ায় সামগ্রিক রপ্তানি বাড়ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

‌এবার রপ্তানি আয়ে ১০ শতাংশ প্রবৃদ্ধির আশার কথা শুনিয়ে মুহিত বলেন, “যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ উন্নত দেশগুলোর অর্থনীতি গতিশীল হওয়ায় চাঙ্গা হচ্ছে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য। আগামী দিনগুলোতেও এ চাঙ্গাভাব অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করছি।”

বিদায়ী অর্থবছরের প্রথম ১১ মাসে বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ তিন হাজার ৬৬ কোটি ৭২ লাখ (২৭ দশমিক ৭৪ বিলিয়ন) ডলার আয় করেছে। এই অংক আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৯ দশমিক ৯৫ শতাংশ এবং লক্ষ্যমাত্রার দেড় শতাংশ বেশি।

২০১৪-১৫ অর্থবছরের এই ১১ মাসে আয় হয় ২ হাজার ৮১৪ কোটি ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরো- ইপিবি বুধবার দেশের পণ্য রপ্তানি আয়ের হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, ৩০ জুন শেষ হতে যাওয়া ২০১৫-১৬ অর্থবছরের ১১ মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ২২ কোটি ডলার। সেই হিসাবে আলোচ্য সময়ে অর্জিত রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৪৭ শতাংশ বেশি।

বাণিজ্য মন্ত্রণালয় চলতি অর্থবছর রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৩ হাজার ৩৫০ কোটি (৩৩.৫ বিলয়ন) ডলার।

তার মানে, অর্থবছরের শেষ মাস জুনে ২৮৪ কোটি ডলার রপ্তানি আয় হলেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

২০১৩-১৪ অর্থবছরে ৩ হাজার ১২০ কোটি ডলারের রপ্তানি আয় হয়।

ইপিবির তথ্য অনুযায়ী, সর্বশেষ গত মে মাসে ৩০২ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই আয় ২০১৫ সালের মে মাসের ২৮৪ কোটি ডলারের চেয়ে ৬ দশমিক ৫৪ শতাংশ বেশি।

জুলাই-মে মাসের রপ্তানি আয়ের মধ্যে ৮১ দশমিক ৮০ শতাংশই তৈরি পোশাক খাত থেকে এসেছে।

আলোচ্য সময়ে খাতটির রপ্তানি আয় হয়েছে ২ হাজার ৫০৮ কোটি ডলার। এই আয় গত অর্থবছরের একই সময়ের ২ হাজার ২৯১ কোটি ডলারের চেয়ে ৯ দশমিক ৩৫ শতাংশ বেশি।

পোশাক খাত থেকে ২০১৫-১৬  অর্থবছরে ২ হাজার ৭৩৭ কোটি ডলারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে।

অন্য খাতের রপ্তানি আয়

তৈরি পোশাকের পর দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয় এসেছে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে। এ খাতের আয় ১০২ কোটি ৯২ লাখ ডলার। এই আয় গত অর্থবছরের ১১ মাসের ১০৯ কোটি ডলারের চেয়ে ৫ দশমিক ৯২ শতাংশ কম।

বিদায়ী অর্থবছরের জুলাই-মে সময়ে হিমায়িত খাদ্যে ১০১ কোটি ডলার, পাট ও পাটজাত পণ্যে ৮২ কোটি ডলার, হোম টেক্সটাইলে ৬৯ কোটি ডলার, কৃষিজাত পণ্যে ৫৩ কোটি ডলারের রপ্তানি আয় হয়েছে।

অর্থমন্ত্রী মুহিত মনে করেন, দেশের ‘স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি’ রপ্তানি আয় বাড়াতে সহায়তা করছে।

রিজার্ভ ২৮.৯০ বিলিয়ন ডলার

রপ্তানি আয়ের ইতিবাচক ধারার কারণে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন (রিজার্ভ) বাড়ছে।

বুধবার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ৮৯০ কোটি (২৮ দশমিক ৯০ বিলিয়ন) ডলার।

গত ২৫ এপ্রিল বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রিজার্ভ ২৯ বিলিয়ন ডলারের ‘ঘর’ অতিক্রম করে।

মে মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ-এপ্রিল মেয়াদের ৯০ কোটি ডলার আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে যায়।

গত কয়েক দিনে তা বেড়ে ফের ২৯ বিলিয়ন ডলারের কাছাকাছি অবস্থান করছে।

বিদায়ী অর্থবছরের জুলাই-মে সময়ে বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা ১ হাজার ৩৪৫ কোটি ৪৭ লাখ ( ১৩.৪৫ বিলিয়ন) ডলার রেমিটেন্স পাঠিয়েছেন।

এই অংক ২০১৪-১৫ অর্থবছরের একই সময়ের চেয়ে ৩ শতাংশ কম।

২০১৪-২০১৫ অর্থবছরের জুলাই-মে সময়ে ১ হাজার ৩৮৭ কোটি ৭৫ লাখ (১৩.৮৭ বিলিয়ন) ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।