২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোন গ্রাহকদের স্বাস্থ্য সেবায় ‘টনিক’

বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এবং টেলিনর হেলথ বাংলাদেশের গ্রাহকদের জন্য ‘টনিক’ নামে নতুন ডিজিটাল স্বাস্থ্য সেবা চালু করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2016, 11:39 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

রোবাবার রাজধানীর র‌্যাডিসন হোটেলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ সেবার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে এমন সেবা সম্প্রসারণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রামীণফোনের সহযোগিতায় টেলিনর উদ্যোগ ‘টনিক’ এর মাধ্যমে দেশের মোবাইল গ্রাহকরা সহজেই ডিজিটাল স্বাস্থ্য সেবা নিতে পারবে।

স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে গ্রামাঞ্চলে ও বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচারণার জন্য গ্রামীণফোনকে আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

বাংলাদেশে শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বেশিরভাগ মালিকানা টেলিনরের হাতে; ৫৫ দশমিক ৮ শতাংশ শেয়ার।

অনুষ্ঠানে টেলিনর গ্রুপের ইভিপি ও প্রধান বিপণন কর্মকর্তা বিবেক সুদ বলেন, “বাংলাদেশ ও এশিয়ার দেশগুলোর প্রতি টেলিনরের দায়বদ্ধতার একটি উদাহরণ হচ্ছে টনিক। প্রায় দুই বছর গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করার ফলে বাংলাদেশের সমাজের সঙ্গে আমার গভীর যোগাযোগ ও বোঝাপড়া তৈরি হয়েছে।

“প্রযুক্তিগত জ্ঞান ও স্বাস্থ্য খাতে গভীর দক্ষতার মিশেলে তৈরি এই সেবা নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছানো এবং জাতীয় স্বাস্থ্য ব্যবস্থায় আরও ইতিবাচক আবদান রাখার ব্যাপারে দারুণ রোমাঞ্চিত।”

টনিক নিয়ে টেলিনর হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা সাজিদ রহমান বলেন, “শিশু মৃত্যু হার ও মাতৃ স্বাস্থ্যের উন্নয়নের মতো সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ অবিশ্বাস্য রকমের অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশের স্বাস্থ্য সেবা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হিসেবে এক্ষেত্রে ছোট্ট ভূমিকা রাখার ব্যাপারে আমরা উন্মুখ হয়ে আছি।”

জাতীয় অধ্যাপক এম আর খান, অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল মালিক, স্বাস্থ্য সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মেরেতে লুন্ডেমু, স্বাস্থ্য সেবা বিষয়ক শীর্ষস্থানীয় ব্যক্তি, দূতাবাস ও উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, টনিক এ চার ধরনের সুবিধা পাওয়া যাবে। ‘টনিক জীবন’ এর মাধ্যমে টনিক সদস্যরা এসএমএস, ওয়েব ও ফেইসবুকের মাধ্যমে প্রতিদিনকার সুস্থ জীবন-যাপনে ভালো খাওয়া, সক্রিয় থাকা এবং মানসিকভাবে সজীব থাকা নিয়ে বিভিন্ন পরামর্শ ও তথ্য পাবেন।

‘টনিক ডাক্তার’ সদস্যদের সুযোগ করে দেবে সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা ফোনের মাধ্যমে অভিজ্ঞ ডাক্তারের তথ্যবহ ও বন্ধুত্বপূর্ণ পরামর্শ পাওয়ার।

‘টনিক ডিসকাউন্ট’ দেশজুড়ে স্বনামধন্য ৫০টিরও বেশি হাসপাতালে ফি-এর ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টের সুযোগ করে দেবে।

‘টনিক ক্যাশ’ এর মাধ্যমে এর সদস্যদের তিন রাত কিংবা তারও বেশি সময়ের জন্য হাসপাতালে প্রদত্ত বিল থেকে ৫০০ টাকা পরিশোধ করা হবে।

গ্রামীণফোনের গ্রাহকরা ইউএসএসডি *৭৮৯# নম্বরে ডায়াল করে অথবা www.mytonic.com ওয়েবসাইটে গিয়ে কিংবা ৭৮৯ নম্বরে কল করার মাধ্যমে বিনা খরচে টনিকের সঙ্গে যুক্ত হতে পারবেন।

একজন গ্রাহক শুধু একবার টনিকের সঙ্গে যুক্ত হলেই হবে। পরবর্তী মাসে সদস্যপদ অব্যাহত রাখতে গ্রাহককে অবশ্যই তার গ্রামীণফোন সিম এর মাধ্যমে ফোন কল, এসএমএস অথবা ডাটা প্যাকেজ ব্যবহার করতে হবে।

গ্রাহকরা বিনামূল্যে ‘টনিক জীবন’, ‘টনিক ডিসকাউন্ট’ ও ‘টনিক ক্যাশ’ সুবিধা পাবেন। শুধুমাত্র ‘টনিক ডাক্তার’ সেবা নেওয়ার জন্য কল দেওয়ার ক্ষেত্রে প্রতি মিনিটের খরচ পড়বে ভ্যাট ও অন্যান্য কর ছাড়া ৫ টাকা।

টেলিনর গ্রুপের স্বাস্থ্যভিত্তিক অঙ্গ প্রতিষ্ঠান টেলিনর হেলথ নরওয়েতে নিবন্ধিত। যে প্রতিষ্ঠানটি টনিক এবং এর সার্বিক কর্মকাণ্ডে সর্বোচ্চ মান অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করছে।