চট্টগ্রামে বেড়েছে বেশিরভাগ পণ্যের দাম
রোজা শুরুর পাঁচদিন আগে চট্টগ্রামের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে আরও একদফা।
শুক্রবার সরেজমিনে নগরীর পাইকারী পণ্যের বৃহত্তম কাঁচা বাজার রিয়াজউদ্দিন বাজারে দাম বাড়ার এ চিত্র মিলেছে।
রমজান মাসে পণ্যে দামবৃদ্ধি ঠেকাতে প্রশাসনের সাথে এক বৈঠকে ব্যবসায়ী নেতারা পেঁয়াজের দাম কমে আসবে বললেও বাজারে গিয়ে দেখা যায় গেছে প্রতি কেজিতে দাম বেড়েছে পাঁচ টাকা।
দুই দিন আগেও যে পেঁয়াজ কেজিপ্রতি ১৮ টাকা থেকে ২০ টাকায় বিক্রি হয়েছে, তা শুক্রবার ২৫ টাকায় বিক্রি করতে দেখা যায় ব্যবসায়ীদের।
আজিজ মেনন নামের এক ক্রেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত পরশু (বৃহস্পতিবার) ২০ টাকা করে কিনেছি পেঁয়াজ। অথচ আজকে দাম বলছে ২৫ টাকা।
“সার্বক্ষণিক নজরদারি না থাকলে ব্যবসায়ীরা যে যা খুশি তা করতে পারে- এটাই তার নমুনা।”
বাজার ঘুরে দেখা যায় দাম বেড়েছে ব্রয়লার মুরগি, রসুন ও মাছের। সবজির দামেও হেরফের হয়েছে কিছুটা।
গত সপ্তাহে ১৬০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। তবে সোনালী মুরগি পাওয়া যাচ্ছে আগের দাম প্রতি কেজি ২৫০ টাকায়, দেশি মুরগি ৩৫০ টাকায়।
রসুনের প্রতি কেজি দামে বেড়েছে পাঁচ টাকা। গত সপ্তাহে ১৯০ টাকায় প্রতি কেজি রসুন বিক্রি হলেও শুক্রবার সেটা বিক্রি হয় ১৯৫ টাকায়।
রিয়াজউদ্দিন বাজারের বায়েজিদ স্টোরের স্বত্তাধিকারী মো. ইউনুচ দাম বাড়ার জন্য পাইকারি বিক্রেতাদের দায়ী করেন।
একটানা স্থিতিশীল থাকা মাছের বাজারেও লেগেছে দাম বাড়ার হাওয়া। দেশি কোরাল কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫২০ টাকায়।
রুই মাছের দামও বেড়েছে কেজিতে ৩০ টাকা; ২২০ টাকা থেকে হয়েছে ২৫০ টাকা। কাতলা বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজিতে।
কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজিতে যা গত সপ্তাহে ছিল ৩০ থেকে ৩৫ টাকা। বেগুনের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। গত সপ্তাহে বেগুন বিক্রি হয়েছিল ৪০ টাকায়।
গত সপ্তাহের ৩৫ টাকার ঢ়েড়শ এখন পাওয়া বিক্রি হচ্ছে ৪০ টাকায়। বরবটি পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজিতে।
তবে আলুর দাম স্থিতিশীল রয়েছে। সাধারণ মানের আলু পাওয়া যাচ্ছে কেজিতে ২২ টাকায়। আর ছোট দেশী আলু পাওয়া যাচ্ছে ৩৫ টাকা কেজিতে।
গরুর মাংসের দাম ঘুরপাক খাচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকার মধ্যে। গরুর রানের মাংস ৬০০ টাকায় বিক্রি হচ্ছে; হাড়সহ ৪৫০ থেকে ৫৫০ টাকার মধ্যে।
রোজায় প্রয়োজনীয় অস্ট্রেলীয় ছোলা পাওয়া যাচ্ছে ৯০ টাকায় এবং মিয়ানমার থেকে আসা ছোলা মিলছে ৯৫ টাকায়।
প্রতি এক লিটার সয়াবিন তেলের বোতল পাওয়া যাচ্ছে ৯০ টাকায়। আর চিনি প্রতি কেজি ৬০ টাকায়।
