২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ ঢাকা-না.গঞ্জে এয়ারটেল সংযোগে বিঘ্ন

বায়োমেট্রিক পদ্ধতিতে অনিবন্ধিত সিম বন্ধের প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ ঢাকা ও নারায়ণগঞ্জে বন্ধ হয়ে গেছে এয়ারটেলের কয়েক লাখ সংযোগ, যার কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটির কথা বলছে মোবাইল অপারেটর কর্তৃপক্ষ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2016, 01:58 PM

Updated : 12 Apr 2022, 02:10 AM

এসব এলাকার বেশ কয়েকজন গ্রাহক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তাদের নিবন্ধিত সিমও মধ্যরাত থেকে প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকে। বুধবার বেলা ১২টার পর আবার সেসব সিম চালু হয়।

এয়ারটেল বলছে, অনিবন্ধিত সিম বন্ধের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, যান্ত্রিক গোলযোগের কারণে এ সমস্যা হয়েছে।

এই ঘটনায় দুঃখপ্রকাশ করে এয়ারটেলের বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের একটি প্রধান মোবাইল সুইচিং সেন্টার MSC09 এ আকস্মিক যান্ত্রিক গোলোযোগের কারণে দক্ষিণ ঢাকা ও নারায়ণগঞ্জে এয়ারটেল গ্রাহকরা সাময়িক নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হচ্ছেন।”

দেশের অন্যান্য স্থানে নেটওয়ার্কে কোনো সমস্যা নেই বলে জানিয়েছে তারা।

“এয়ারটেল টিম দ্রুততা ও একাগ্রতার সাথে এই সমস্যা নিরসনে কাজ করে যাচ্ছে। শীঘ্রই এ সমস্যার সমাধান হয়ে যাবে।”

বিটিআরসির পক্ষ থেকেও এয়ারটেলের এ সমস্যা দ্রুত সমাধানের আশা প্রকাশ করে বলা হয়েছে, মোবাইল অপারেটরটির এই সমস্যা যান্ত্রিক গোলযোগের কারণে। এর সঙ্গে বায়োমেট্রিক ভেরিফিকেশনের কোনো সম্পর্ক নেই।  

বিটিআরসির হিসাবে গত এপ্রিল শেষ নাগাদ এয়ারটেলের গ্রাহক সংখ্যা ছিল এক কোটি এক লাখ ৩০ হাজার। এরমধ্যে ৭৬ লাখ ৮০ হাজার ৬৫১টি সিম মঙ্গলবার পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধিত হয়।

বায়োমেট্রিক নিবন্ধনের সময় শেষ হওয়ায় ৩১ মে রাত ১২টার পর থেকে সব অপারেটরের অনিবন্ধিত সিম বন্ধ করা হচ্ছে, যে সংখ্যা আড়াই কোটির বেশি বেশি বিটিআরসির তথ্য।