ইয়োন্ডার মিউজিক নিয়ে রবির নতুন সেবা
নিউইয়র্কভিত্তিক ইয়োন্ডার মিউজিকের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে মিউজিক সেবা চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি।
এই সেবার আওতায় গ্রাহকরা দেশের প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় গানগুলো উপভোগ করার সুযোগ পাবেন।
মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকরা বিনামূল্যে রবি-ইয়োন্ডার মিউজিক থেকে গান উপভোগ করতে পারবেন। এজন্য কোন অ্যাপ্লিকেশন চার্জ, সাবসক্রিপশন ফি বা পার-ট্র্যাক ডাউনলোড চার্জ দিতে হবে না।
রবি-ইয়োন্ডার মিউজিক অ্যাপ ব্যবহারকারীরা তাদের মোবাইল ফোনে অ্যাক্টিভ ডাটা প্ল্যান থাকলেই গান শুনতে পারবেন। ওয়াই-ফাই নেটওয়ার্কেও এই সেবা উপভোগ করা যাবে।
অ্যাপের মাধ্যমে গ্রাহকরা কোনও গান শোনার সময় গানটি গ্রাহকের স্মার্টফোনে সংরক্ষিত হবে, যাতে তিনি অফলাইন থাকার সময়ও পছন্দের গানটি শুনতে পান।
আইওএস স্টোর বা অ্যানড্রয়েড প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করা যাবে।
ইয়োন্ডার মিউজিক ইনকরপোরেশনের প্রধান নির্বাহী অ্যাডাম কিড্রন বলেন, “ইয়োন্ডার বাংলাদেশে রবি’র সঙ্গে যৌথভাবে কাজ শুরু করায় গানের পাইরেসি কমে আসার মাধ্যমে স্থানীয় শিল্পীরা লাভবান হবেন। অন্যদিকে রবি’র গ্রাহকরা মেবাইল ব্রডব্যান্ড প্ল্যানের আওতায় শুনতে পাবেন সেরা গানগুলো।”
রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সুপুন বীরাসিংহে বলেন, “শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি হিসেবে রবি-ইয়োন্ডার মিউজিক সেবা চালু করতে পেরে গর্বিত। যার মাধ্যমে আমাদের গ্রাহকরা বিনামূল্যে দেশ-বিদেশের গানের এক বিপুল সম্ভার হাতে পাবেন।”
