২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশিয় শিল্পের সুরক্ষায় উদ্যোগ রয়েছে: বাণিজ্যমন্ত্রী

সরকার দেশিয় শিল্পের সুরক্ষায় সবধরনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2016, 10:34 PM

Updated : 20 Aug 2022, 12:45 PM

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে শিল্প উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল দেখা করতে গেলে মন্ত্রী এ কথা বলেন।

এফবিসিসিআইয়ের পরিচালক শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে প্রতিনিধি দলে বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা ছিলেন।

অনুষ্ঠানে ব্যবসায়ীরা ফিনিস রড এবং মধ্যবর্তী কাচাঁমাল বিলেট আমদানি নিরূৎসাহিত করা, রড তৈরির কাঁচামাল আমদানি সহজ করা এবং নতুন ট্যাক্স বা ভ্যাট আরোপ না করার আহবান জানান।

তারা বলেন, এসব পদক্ষেপ না নিলে শিল্প সংকটে পড়বে।

মন্ত্রী তোফায়েল বলেন, “পৃথিবীর বিভিন্ন দেশ দেশিয় শিল্প রক্ষা এবং উন্নতির জন্য নানা পদক্ষেপ নিয়ে থাকে, বাংলাদেশও নিচ্ছে। দেশিয় শিল্প ও ব্যবসায়ীদের জন্য ক্ষতিকর কোনো পদক্ষেপ সরকার নেবে না।”

সরকার দেশিয় শিল্পের সুরক্ষায় সব ধরনের উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, দেশিয় শিল্প বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।

অতীতে দেশে সিমেন্ট, কাগজ শিল্প প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সরকার পদক্ষেপ নিয়েছে জানিয়ে তিনি বলেন, এখন এসব শিল্প থেকে উৎপাদিত পণ্য দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা হচ্ছে।

“ভ্যাট ও ট্যাক্স আরোপের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সরকার সচেতন রয়েছে। সরকারের মূল লক্ষ্য ব্যবসায়ীদের সহযোগিতা করা।”