বাংলাদেশে বিনিয়োগ করুন: বুলগেরিয়ায় প্রধানমন্ত্রী
বুলগেরিয়ায় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুলগেরিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে সোফিয়ায় শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সোফিয়ার হোটেল ম্যারেনিলাতে এ সাক্ষাতের পর সাংবাদিকদের বিস্তারিত জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বুলগেরিয়ায় ব্যবসায়ীদের সামনে বাংলাদেশের বিদ্যুৎ খাতের উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা এবং বিদেশি ব্যবসায়ীদের জন্য সরকারের নানা ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার কথা তুলে ধরেন। এছাড়া বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও আইটি পার্ক স্থাপনের কথাও প্রধানমন্ত্রী এ সময় তুলে ধরেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা সমস্যার সমাধান হওয়ায় সেখান থেকে সম্পদ আহরণের সম্ভাবনা তৈরি হয়েছে।
বুলগেরিয়ার ব্যবসায়ীরাও এ খাতে বিনিয়োগ করতে পারে বলে বৈঠকে মত প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
তিনি এ সময় বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে পারস্পারিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরেন। এর ফলে বাজারও বাড়বে বলে আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, বুলগেরিয়ার জন্য বাংলাদেশের মানুষের হৃদয়ে ‘বিশেষ জায়গা’ রয়েছে।
এছাড়া বুলগেরিয়ায় সবক্ষেত্রে নারীদের অংশগ্রহণকে ‘উৎসাহজনক’ হিসেবে বর্ণনা করেন প্রধানমন্ত্রী।
অন্যদের মধ্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রথম সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম এ সময় বক্তব্য দেন।
পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলীও বৈঠকে উপস্থিত ছিলেন।
