২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণ উদ্যোক্তাদের জন্য ১০ শতাংশের কম সুদে ঋণ দাবি

১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যোক্তাদের ১০ শতাংশের কম সুদে ঋণ দেওয়ার দাবি জানিয়ে এক সেমিনারে বলা হয়েছে, এর সাহায্যে নতুন ও সফল তরুণ উদ্যক্তা গড়ে তোলা সম্ভব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2016, 07:01 PM

Updated : 11 Oct 2022, 08:15 PM

বৃহস্পতিবার রাজধানীতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সম্মলন কক্ষে ‘তরুণ উদ্যোক্তাদের বাজেট ভাবনা’ শীর্ষক সেমিনারে এ দাবি জানান ‘জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল’র সভাপতি শাখাওয়াত হোসেন মামুন।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান।      

তরুণ প্রজন্ম বাজেটে ই-কমার্স, আইসিটি, ফ্যাশন ও ডিজাইন খাতে সহায়তার প্রত্যাশায় আছে উল্লেখ করে তিনি বলেন, “এসব খাতে দেশের তরুণরা ব্যাপক আগ্রহী। তাই আগামী বাজেটে এসব খাতের উন্নয়নে নগদ প্রণোদনা ও সহায়তা প্রত্যাশা করেন তারা।”

‘এশিয়া গ্রুপ’ চেয়াম্যান হারুন-উর-রশিদ বলেন, “তরুণদের জন্য ৭ শতাংশ সুদে ঋণ এবং ১০ বছর কর অবকাশ দেওয়া উচিত্।”

তরুণদের নিয়ে আয়োজিত এই সেমিনারে ভ্যাট আইন নিয়ে বার বার কথা তোলেন পুরোনো ব্যবসায়ীরা; আলোচনার সুযোগ পান মাত্র চারজন তরুণ।

প্রধান অতিথির বক্তব্য বিষয়টি তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, “সামনে আমি আরও তরুণদের অংশগ্রহণ দেখতে চাই।”

তরুণ উদ্যোক্তাদের জন্য করা দাবিগুলো অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে তুলে ধরার আশ্বাস দিয়ে তিনি বলেন, “এখানে যেসব দাবি এসেছে আমাকে আপনার লিখে দিন; আমি চেষ্টা করব এগুলো অর্থমন্ত্রীর কাছে পৌঁছে দিতে।”

দাবি আদায়ে সর্বাত্মক চেষ্টা চালানোর আশ্বাসও দেন তিনি।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের প্রাক্তন প্রথম সহ-সভাপতি মো. জসিম উদ্দিন এবং অতিথি হিসেবে ছিলেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের সহ-সভাপতি মি. মার্ক ব্রায়ান লিম।