আরব আমিরাতে প্রাণ গ্রুপের সম্মেলন
সংযুক্ত আরব আমিরাতের আমদানিকারক ও পরিবেশকদের নিয়ে সম্মেলন করেছে প্রাণ গ্রুপ।
চলতি মাসের প্রথম সপ্তাহে দেশটির শারজার শহরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত বাৎসরিক এ সম্মেলনে বিপণন ও বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৪০০ জন কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন বলে সোমবার প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্মেলনে প্রাণ-আরএফএল গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী বলেন, অচিরেই প্রাণ বিশ্বের শীর্ষ ফুড কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করবে। এ লক্ষ্য অর্জনে কর্মকর্তা-কর্মচারী, আমদানিকারক ও পরিবেশকদেরকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, কনস্যুলেট জেনারেল বদিরুজ্জামান, কমার্শিয়াল কাউন্সিলর একেএম রফিক আহম্মেদসহ প্রাণ গ্রুপের শীর্ষস্থানীয় কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৩ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে ফ্রুটো, লিচি, পাওয়ার ও বাসিল সিড ড্রিংক, মুড়ি, চানাচুর, ঝালমুড়ি, সরিষার তেল, মসলা, সুগন্ধি চাল, লাচ্ছা সেমাই, লাচ্চি, ডাবের পানি, খনিজ পানি, বিস্কুট, ড্রাই কেক ও প্রাণ আপ নিয়মিতভাবে রপ্তানি হচ্ছে।
