২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রাহক কমলেও আয় বেড়েছে বাংলালিংকের

গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আয়, ভয়েস কল ও ডেটা ব্যবহারে প্রবৃদ্ধি হয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 04:52 PM

Updated : 11 Oct 2022, 08:15 PM

ডিজিটাল সেবা বাড়াতে এই প্রান্তিকে মূলধনী ব্যয়ও ৪৪ শতাংশ বাড়িয়েছে কোম্পানিটি।

সোমবার ঢাকার একটি হোটেলে সাংবাদিকদের সামনে ২০১৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০১৬) আর্থিক প্রতিবেদন প্রকাশ করে বাংলালিংক।

এতে বলা হয়, তিন কোটি ১৬ লাখ গ্রাহক নিয়ে বাংলালিংকের রাজস্ব এবং ব্যয়, কর দেওয়ার পরও আয়ে (এবিআইটিডিএ) প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।

বাংলালিংকের সিইও এরিক অস বলেন, ২০১৬ সালের প্রথম প্রান্তিকে মোট রাজস্ব আয় বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২২০ কোটি টাকা, যা গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় ৬ শতাংশ বেশি।

গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় ডেটা রাজস্বে ৬০ শতাংশ বৃদ্ধি এবং ভয়েস রাজস্বে ৩ শতাংশ বৃদ্ধির মাধ্যমে এই অর্জন সম্ভব হয়েছে বলে জানানো হয়।

অবশ্য বায়োমেট্রিক সিম রিভেরিফিকেশনে গ্রাহকের ওপর কড়াকড়িসহ অন্যান্য কারণে গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রায় দুই লাখ গ্রাহক কমেছে বাংলালিংকের।

এরিক বলেন, দেশব্যাপী থ্রিজি কাভারেজ বৃদ্ধি এবং একই সাথে দেশের টেলিকম শিল্পে স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধির ফলে বাংলালিংকের ডাটা ব্যবসায় একটি বড় অগ্রগতি দেখা গিয়েছে। গ্রাহকদের বর্ধিত ব্যবহারের ফলে বাংলালিংকের ভয়েস রাজস্ব আয় বেড়েছে। আগ্রাসী মূল্য প্রতিযোগিতা সত্ত্বেও এই প্রান্তিকে বাংলালিংকের এআরপিইউ (অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার) ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ডেটা ব্যবহারের অব্যাহত বৃদ্ধির মাধ্যমেই এসেছে।

“কঠোর বয়োমেট্রিক ভেরিফিকেশন পদ্ধতির কারণে গোটা টেলিকম শিল্পেই গ্রাহক বৃদ্ধি ব্যাহত হয়েছে এবং ২০১৫ সালের প্রথম প্রান্তিকের তুলনায় এই প্রান্তিকে বাংলালিংকের গ্রাহক সংখ্যার প্রবৃদ্ধি সামান্য হ্রাস পেয়েছে। তবে, মোবাইল নিরাপত্তার এই উদ্যোগে বাংলালিংক ১৫ মে পর্যন্ত আড়াই কোটি গ্রাহকের বয়োমেট্রিক রি-ভেরিফিকেশন সম্পন্ন করতে সক্ষম হয়েছে।”

মোবাইল রি-ভেরিফিকেশন উদ্যোগের ফলে নিরাপদ গ্রাহকের যে ভিত্তি পাওয়া যাবে যেখান থেকে ডিজিটাল নেতৃত্ব অর্জনের কৌশল অনুসরণ করে ই-কমার্স, কনটেন্ট ও পেমেন্ট সলিউশন থেকে নতুন রাজস্ব আয়ের উৎস সৃষ্টি করা যাবে- মনে করেন বাংলালিংক কর্মকর্তারা।

প্রতিবেদক থেকে জানা যায়, এককালীন কিছু পারফরমেন্স ট্রান্সফরমেশন ব্যয় ছাড়া প্রথম প্রান্তিকে ৫৯০ কোটি টাকার ইবিআইটিডিএ অর্জন করেছে বাংলালিংক, যা গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় ২৬ শতাংশ বেশি। ফলে স্বরূপ এই প্রান্তিকে বাংলালিংকের ইবিআইটিডিএ মার্জিন ৪৮ দশমিক ১ শতাংশে পৌঁছেছে।

প্রথম প্রান্তিকে বাংলালিংকের মূলধনী ব্যয় ছিল ১৩০ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ৪৪ শতাংশ বেশি। প্রথম প্রান্তিকের শেষ পর্যন্ত থ্রিজি নেটওয়ার্ক দেশের মোট জন সংখ্যার ৩৪ শতাংশের কাছে পৌঁছেছে।

এরিক অস্ বলেন, “ডিজিটাল সেবাদানই ভবিষ্যতের পথ। স্মার্টফোনের ব্যবহার দারুণ বৃদ্ধি পাবে এবং গ্রাহকরা সত্যিকারভাবেই তাদের আঙুলের ডগায় তাদের ডিজিটাল জীবনকে পাবেন যাতে থাকবে- বিনোদন থেকে ই-কমার্স, আর্থিক সেবা থেকে ব্যক্তিগত সেবা। আমাদের গ্রাহকদের জন্য এটি বাস্তব করতে বাংলালিংকে সেবা ও পণ্যের পাশাপাশি থ্রিজি নেটওয়ার্ক বৃদ্ধিতে ব্যাপকভাবে বিনিয়োগ করছি।”