২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাসিক এলাকার হোটেল-রেস্তোরাঁ সরানোর সিদ্ধান্তের প্রতিবাদ

আবাসিক এলাকা থেকে হোটেল, গেস্ট হাউজ ও রেস্তোরাঁ সরানোর সিদ্ধান্ত বদলাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থাপনাগুলোর মালিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2016, 06:21 PM

Updated : 12 Apr 2022, 02:03 AM

রাজধানীতে শনিবার এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করে ফেডারেশন অব হোটেল, গেস্ট হাউজ অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনটির সাধারণ সম্পাদক ফ ম আলাউদ্দিন মাহমুদ লিখিত বক্তব্যে বলেন, “দেশের পর্যটন শিল্প ধ্বংসের লক্ষ্যেই সরকারঘোষিত পর্যটনবর্ষেই একটি বিশেষ মহল ধানমণ্ডি, গুলশান, বনানী, উত্তরা ও বারিধারাসহ সকল আবাসিক এলাকা থেকে সকল ধরনের হোটেল-রেস্টুরেন্ট বন্ধের পাঁয়তারা চালাচ্ছে।”

এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট একলাখ মানুষের কর্মসংস্থান, ব্যাংকঋণ পরিশোধ, বিদেশিদের আবাসন সঙ্কট ও জিডিপিতে নেতিবাচক প্রভাব বিবেচনা করে সরকারকে সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানান তিনি।

সংগঠনের সভাপতি মো. শাহ আলম, সহ-সভাপতি কাজী তারেক শামস, আকবর হেসেন মন্জু ও যুগ্ম-সম্পাদক আশরাফ উদ দৌলা এসময় উপস্থিত ছিলেন।

গত ৪ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে শহর এলাকার আবাসিক প্লট ও ভবন থেকে সব ধরনের বাণিজ্যিক স্থাপনা সরাতে ছয় মাস সময় দেওয়ার সিদ্ধান্ত হয়।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, মন্ত্রিসভার ২০১৫ সালের ৮ জুনের নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ তাদের প্রতিবেদনে চারটি সুপারিশ তুলে ধরে।

“আবাসিক এলকায় বার লাইসেন্স বাতিল করে সেগুলো অপসারণ করা হবে। আবাসিক এলাকায় নতুন করে কোনো বারের লাইসেন্স দেওয়া হবে না।”

পাশাপাশি আবাসিক এলাকার সব গেস্ট হাউজ ও আবাসিক হোটেল বন্ধ করতে হবে। প্লট মালিককে এসব স্থাপনা সরাতে ছয় মাসের সময় দেওয়া হবে। এর মধ্যে স্থাপনা না সরালে পরবর্তী এক মাসের মধ্যে সেগুলো অপসারণ করা হবে বলে সচিব জানান।

আবাসিক এলাকার অননুমোদিতভাবে স্থাপিত সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানও ছয় মাসের মধ্যে সরাতে হবে।

যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠান সরকারের অনুমোদন নিয়ে আবাসিক এলাকায় কার্যক্রম চালাচ্ছে, সেসব স্থাপনা সরাতেও সংশ্লিষ্টদের সময় দেওয়া হবে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।