ডেনিম এক্সপোর চতুর্থ আসর বসছে ২৫ এপ্রিল
ডেনিম পোশাকের প্রযুক্তি ও পণ্যের সমাহার নিয়ে চলতি মাসেই ঢাকায় বসছে বাংলাদেশ ডেনিম এক্সপোর চতুর্থ আসর।
আগামী ২৫ ও ২৬ এপ্রিল বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে দুই দিনের এই মেলা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
এবারের আয়োজনে বাংলাদেশ, ব্রাজিল, চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, পাকিস্তান, সিঙ্গাপুর, স্পেন, থাইল্যান্ড, তুরস্ক ও ভিয়েতনামের মোট ৪৯টি প্রতিষ্ঠান অংশ নেওয়ার কথা।
ডেনিম এক্সপোর প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন জানান, ডেনিম পণ্যের সর্বশেষ প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে দেশি-বিদেশি ব্যবসায়ীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে দুই বছর ধরে এ প্রদর্শনীর আয়োজন করছেন তারা।
“১৩টি দেশের ডেনিম ফেব্রিক্স প্রস্তুতকারক, গার্মেন্ট কারখানা ও বিপণন কেন্দ্রের প্রতিনিধিরা এ মেলায় আসছেন। প্রদর্শনীর সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে,” বলেন তিনি।
মোস্তাফিজ জানান, প্রথম দিন সকাল ১১টায় মেলা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে, চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এবারের আয়োজনে তিনটি সেমিনার হবে।
‘ডেনিম ট্রেন্ডস: ২০১৭’ শিরোনামে একটি সেমিনার বিশ্ব জুড়ে জিন্সের বিবর্তন ও চলতি ফ্যাশন নিয়ে আলোচনা করবেন বক্তারা।
উদ্বোধনী দিনের দ্বিতীয় পর্বে ‘বাংলাদেশ হরাইজন ২০২১: এ টেকনোলজিক্যাল ভিউ’ শিরোনামে ডেনিম শিল্পে দেশীয় কারখানাগুলোর সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
আর শেষ দিন ‘দ্য রেভলিউশন অব ডেনিম ইন্ডাস্ট্রি’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন ফ্যাশন হাউজ ডেনিম এক্সপার্ট এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজ উদ্দিন, আম্বার গ্রুপের পরিচালক শহিদুল হাসান, নাসা গ্রুপের পরিচালক সোহেল রানা ও শাসা গ্রুপের পরিচালক জামাল আব্দুন নাসের।
বিশ্ববাজারে বাংলাদেশের ডেনিম পণ্যকে আরও পরিচিত করে তুলতে এ মেলা ভূমিকা রাখবে বলে মনে করছেন ডেনিম এক্সপার্টের কর্ণধার মোস্তাফিজ উদ্দিন।
তিনি বলেন, ইউরোপ ও পশ্চিমা দেশগুলোর অধিকাংশ ডেনিম পণ্য বাংলাদেশে তৈরি হলেও একসময় ক্রেতারা খুব একটা আগ্রহী ছিলেন না।
“বৈশ্বিক প্রতিযোগিতায় দেশীয় প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিতে এ ধরনের প্রদর্শনী বেশ কার্যকর। এছাড়া এ ধরনের আয়োজন করে আমরা ধারাবাহিক সাফল্যও পাচ্ছি।”
