২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে জমি চান কাঁচা চামড়া ব্যবসায়ীরা

সাভারের শিল্প নগরীতে ২০ একর জমি চেয়ে তার আগে হাজারীবাগে থাকা ট্যানারিগুলোতে চামড়া ঢোকানোর অনুমতি চেয়েছেন কাঁচা ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 09:02 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

সাভারে চামড়া শিল্প নগরীতে সব ট্যানারিকে যেতে বাধ্য করতে হাজারীবাগে কাঁচা চামড়া ঢোকাতে পুলিশের বাধা দেওয়ার মধ্যে সোমবার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কীন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, হাজারীবাগে ঢোকাতে না দেওয়ায় তাদের কাঁচা চামড়া নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

ব্যবসায়ীরা জানান, প্রতিদিন ঢাকায় সাড়ে ৭ হাজার থেকে ৮ হাজার পশু জবাই হয়। সারাদেশে জবাই হয় ৩০ হাজার থেকে ৩৫ হাজার পশু। এই পশুদের চামড়ার অধিকাংশই ঢাকার লালবাগের পোস্তার বিভিন্ন আড়তে আসে।

পোস্তা থেকে এসব চামড়া এতদিন হাজারীবাগে নেওয়া হত, যেখান থেকে ট্যানারিগুলোকে সাভারে ২০০ একজর জমিতে প্রতিষ্ঠিত চামড়া শিল্প নগরীতে সরানো হচ্ছে।

কাঁচা চামড়া ব্যবসায়ীদের সংগঠনের ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ সেকান্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাজারীবাগের ট্যানারিগুলোতে সহজে ট্রাকে ও ভ্যানে করে পোস্তার দুইশ আড়ত থেকে কাঁচা চামড়া পৌঁছানো হয়। সাভারে পাঠানো ব্যয়বহুল ও সময় সাপেক্ষ।”

তাই সাভারে আড়ত তৈরির  জন্য চামড়া শিল্প নগরীতে ২০ একর জমি সরকারের কাছে চেয়েছেন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কীন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের নেতারা।

তার আগে হাজারীবাগের ট্যানারিতে চামড়া নেওয়ার অনুমতি চেয়েছেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হাজী মো. দেলোয়ার হোসেন।

তিনি বলেন, হাজারীবাগে চামড়া ঢুকতে না দেওয়ায় বিপুল পরিমাণ চামড়া তৃনমূল পর্যায়ে অবিক্রিত থাকায় সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে, যা পরিবেশকেও দূষিত করছে।

এতে কাঁচা চামড়া ব্যবসায়ীদের পাশাপাশি সারাদেশে প্রক্রিয়াজাতকরণে জড়িত প্রায় ১০ লাখ মানুষের জীবিকা ক্ষতির মুখে পড়ছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।