২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ হাজার কোটি প্রযুক্তিপণ্যে যুক্ত হতে চায় এরিকসন

সেবার মান বাড়িয়ে বাংলাদেশসহ সারা বিশ্বের ‘৫০ বিলিয়ন ডিভাইস’ বা পাঁচ হাজার কোটি প্রযুক্তিপণ্যের সঙ্গে যুক্ত হওয়ার লক্ষে কাজ করার কথা জানিয়েছে টেলিযোগাযোগ সরঞ্জামাদি প্রস্তুতকারক প্রতিষ্ঠান এরিকসন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 10:57 AM

Updated : 11 Oct 2022, 08:04 PM

রোববার সাংবাদিকদের সঙ্গে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির বাংলাদেশ অংশের ব্যবস্থাপনা পরিচালক রাজ জৈন এ পরিকল্পনার কথা জানান।

নির্মাতা প্রতিষ্ঠান ও গ্রাহকের মধ্যে এরিকসন ‘সেতু’ হিসেবে কাজ করছে মন্তব্য করে রাজ বলেন, “আমরা তথ্য প্রযুক্তির তিন মৌলিক শক্তি ব্র্রডব্যান্ড, মবিলিটি ও ক্লাউড নিয়ে কাজ করছি, যা মোবাইল অপারেটরগুলোর কাজে শৃঙ্খলা আনবে।”

চলতি বছর ফেব্রুয়ারিতে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এরিকসনের প্রস্তাবিত পঞ্চম প্রজন্মের (৫জি) সেবা, ইন্টারনেট অব থিংস (আইওটি) ও ক্লাউড নিয়েও কথা বলেন রাজ ।

ওই কংগ্রেসেই ৫০টির বেশি নির্মাতা প্রতিষ্ঠান তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয় বলে জানান তিনি।

রাজ বলেন, “কংগ্রেসে সারা বিশ্বের ২০টি প্রধান মোবাইল অপারেটরের সঙ্গে ‘৫জি’ (ফিফথ জেনারেশন) চুক্তি হয়েছে। এছাড়া গ্রাহক ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আইওটি প্রযুক্তিতে রূপান্তরে আমাদের কাজ শুরু হয়েছে।”

আইওটি প্রযুক্তির মাধ্যমে কিছু নির্দিষ্ট ডিভাইসকে ‘দূর থেকে নিয়ন্ত্রণ’ করা যাবে বলে জানান তিনি।

তথ্য সংরক্ষণের সর্বাধুনিক প্রযুক্তি ‘ক্লাউড’ সেবাকে টেলিকম প্রতিষ্ঠানগুলোর কাছে সহজলভ্য করতে এরিকসন বিশ্বখ্যাত ওয়েব সার্ভিস আমাজনের সঙ্গে একটি জোট গড়ার পরিকল্পনা করছে বলে জানান এ কর্মকর্তা।  

পাশাপাশি ডায়নামিক সার্ভিস ম্যানেজার নামে এরিকসনের একটি নতুন সেবার কথাও তিনি তুলে ধরেন, যা ডোমেইন ক্রেতাদের নানামুখী প্রযুক্তির মাধ্যমে নেটওয়ার্কিং সেবা দেবে।

বাংলাদেশে গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক ও এয়ারটেলের মতো অপারেটরদের সেবা দেওয়ার কথা জানিয়ে রাজ বলেন, “এরিকসনের সেবা ইন্ডাস্ট্রি পার্টনারশিপের ভিত্তিতে গঠিত। কারণ তথ্য প্রযুক্তির এ বিশাল আঙিনায় কোনো একক কোম্পানি গ্রাহকদের সব সুযোগ সুবিধা দিতে পারে না।”

অন্যদের মধ্যে এরিকসন বাংলাদেশের প্রধান প্রযুক্তি কর্মকর্তা আব্দুস সালাম, হেড অব কমিউনিকেশন মেহনাজ কবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।