২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাসনে শর্ত ছাড়া কালো টাকা সাদার সুযোগ দাবি

কোনো প্রকার শর্ত ছাড়া আগামী ১০ বছর আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ চেয়েছে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 11:53 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

সুযোগ দেওয়া হলে দেশ থেকে অর্থ পাচার রোধ সম্ভব হবে বলে রোববার এক সংবাদ সম্মেলনে রিহ্যাবের পক্ষ থেকে অভিমত ব্যক্ত করেন সংগঠনের সভাপতি আলমগীর শামসুল আলামিন।

তিনি বলেন, “প্রতি বছর দেশ থেকে প্রচুর অর্থ পাচার হয়ে যাচ্ছে। কোনোভাবেই এটা ঠেকানো যাচ্ছে না। কোনো শর্ত ছাড়া আবাসন খাতে অপ্রদর্শিত বা কালো টাকা বিনিযোগের সুযোগ দিলে এই পাচার রোধ করা সম্ভব হবে বলে আমরা মনে করি।”

আগামী ১০ বছরের জন্য এ নীতি গ্রহণ করলে দেশের ‘বিশাল উন্নয়ন’ হবে দাবি করে রিহ্যাব সভাপতি বলেন, “আমরা চাই কালো টাকার উৎস বন্ধ করুক সরকার। কিন্তু ব্যবহারের ক্ষেত্রের জন্য কোনো প্রশ্ন না করুক।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি ২০১৫-১৬ অর্থবছরে আবাসন খাতে নির্ধারিত করের সঙ্গে ১০ শতাংশ জরিমানা দিয়ে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়া হলেও তেমন বিনিয়োগ হয়নি। ফলে সুফল পাননি আবাসন ব্যবসায়ীরা।

“এখন যেহেতু রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এ অবস্থায় এ খাত রক্ষা করতে আবারও এই সুযোগ দেওয়ার বিকল্প নেই। এজন্য বৈধভাবে উপার্জিত অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের জন্য আয়কর অধ্যাদেশ-১৯৮৪ এর সংশোধন করতে হবে।” 

বর্তমানে আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ১৯ ধারায় আবাসন খাতে অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে।

এক্ষেত্রে আয়ের বিপরীতে যে পরিমাণ কর এত দিন দেওয়া হয়নি তা দিতে হবে; তার সঙ্গে জরিমানা দিতে হবে আরও ১০ শতাংশ।

রিহ্যাব নেতারা ‘এই শর্তই’ বাতিলের দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবাসন শিল্পের ‘দুরাবস্থার চিত্র’ তুলে ধরে শামসুল আলামিন বলেন, প্রবাসীদের দেশে ফেরা, ব্যাংকের উচ্চ সুদ হার, নতুন জমি সঙ্কট, নির্মাণ সামগ্রীর উচ্চ মূল্য, নতুন গ্যাস সংযোগ সমস্যাসহ বিভিন্ন কারণে আবাসন খাতের বিক্রি ৮০ শতাংশ কমেছে।

উদ্যোক্তাদের নতুন প্রকল্প গ্রহণের হার ৯০ শতাংশ কমেছে বলে জানান তিনি।

রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘আসন্ন জাতীয় বাজেট ২০১৬-১৭’ এ রিহ্যাবের দাবি ও প্রস্তাবনা শীর্ষক এই সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রবিউল হক, লিয়াকত আলী, আনোয়ারুজ্জামান, ওয়াহিদুজ্জামান, ও প্রকৌশলী সরদার মো. আমিন।