করপোরেট কর কমানোর প্রস্তাব এমসিসিআইয়ের
পাশের দেশগুলোর সঙ্গে তুলনা করে বাংলাদেশে করপোরেট কর কমানোর দাবি জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই)।
বৃহস্পতিবার মতিঝিলে চেম্বার ভবনে এক প্রাক-বাজেট আলোচনায় এমসিসিআইয়ের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এই দাবি জানান।
তিনি বলেন, “পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর করপোরেট আয় কর এখানে ২৫ শতাংশ, যা কম বেশি তুলনাযোগ্য।
“কিন্তু তালিকাবহির্ভূত কোম্পানিগুলোর করপোরেট আয় কর (শতকরা ৩৫ ভাগ) অনেক বেশি দিতে হয়। আর অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ৪২ দশমিক ৫ শতাংশ কর দিতে হয়, যা দক্ষিণ এশীয় দেশগুলোর চেয়ে অনেক বেশি।”
বাংলাদেশের রাজস্ব কাঠামো ঐতিহাসিকভাবে পরোক্ষ উৎসের উপর অধিক নির্ভরশীল বলে মন্তব্য করেন নাসিম মঞ্জুর।
“এমন একটি যৌক্তিক কর পদ্ধতিতে দেশের যাওয়া প্রয়োজন, যেটা বেশি কাজ করবে এবং যাতে স্বেচ্ছা বাস্তবায়নের হার বেশি হবে।”
ইফেকটিভ রেট অব প্রোটেকশনের (ইআরপি) বাস্তবিক স্তরও এই অঞ্চলের অন্য দেশগুলোর চেয়ে বাংলাদেশে বেশি বলে জানান তিনি।
“ফাইনাল গুডস আমদানিতে সর্বোচ্চ নমিনাল রেট শতকরা ২৫ ভাগ হলেও ইফেকটিভ রেট অব প্রোটেকশনে তা গড়ে শতকরা ৫৫ ভাগের বেশি; কোনো কোনো ক্ষেত্রে তা ৭৫ শতাংশেরও বেশি।”
দেশর সবচেয়ে পুরনো ব্যবসায়ী সংগঠনের এই নেতা বলেন, “খরচ কমাতে, উৎপাদন বাড়াতে এবং কর জাল বিস্তৃত করতে এই সব উচ্চ কর হার প্রয়োজনীয় ক্ষেত্রে যৌক্তিকীকরণ করতে হবে।”
“উচ্চ বিনিয়োগ ও ব্যাপক কর্ম সংস্থান সৃষ্টির মাধ্যমে জনগণের জীবন মান উন্নয়ন করে কিভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে হবে-সেটাই এখনো আমাদের সকলের সামনে বড় চ্যালেঞ্জ হিসাবে রয়ে গেছে।
চেম্বারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
