বিজিএমইএ ফুটবল কাপে চ্যাম্পিয়ন বানদো ডিজাইন
পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ আয়োজিত প্রথম ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বানদো ডিজাইন।
শুক্রবার ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত ৪২ মিনিটের খেলায় প্রতিপক্ষ কমফিট কম্পোজিট’কে ৪-১ গোলে পরাজিত করে বানদো একাদশ।
এর আগে পোশাক শ্রমিকদের নিয়ে একাধিকবার সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করেছিল পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের এই সংগঠন। গত মার্চের ১৭ তারিখ থেকে শুরু হয়েছিল প্রথমবারের মতো ফুটবল প্রতিযোগিতা।
আর্মি স্টেডিয়ামে চূড়ান্ত পর্বের খেলা উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি টিপু মুন্সী, সহ সভাপতি এস এম মান্নান কচি, ফারুক হাসানসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সিদ্দিকুর রহমান বলেন, কোনো পেশাদার খেলোয়াড় নয়, গার্মেন্টস সংশ্লিষ্ট সম্পূর্ণ অপেশাদাররা এই খেলায় অংশ নিচ্ছে। নিছক বিনোদন দেওয়া ও পোশাককর্মীদের মাঝে কর্মদ্দ্যোম ফিরিয়ে আনাই এই আয়োজনের উদ্দেশ্য।
এক্সিম ব্যাংক, রাইজিং গ্রুপ, নুপামি বিডি’র পারসেলানোসা, অ্যামেজ পাওয়ার, এপিলিয়নের সেইলর, সিবিএল মানচি ও কাবাব ফ্যাক্টরি এই ফুটবল টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করে।
