২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটা চাল রপ্তানির চিন্তা

শ্রীলংকায় সেদ্ধ চাল রপ্তানি শুরুর পর এবার অন্য দেশেও মোটা চাল রপ্তানির বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 07:02 PM

Updated : 20 Aug 2022, 12:19 PM

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “বর্তমানে আমরা শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করিনি, উদ্বৃত্ত খাদ্য বিদেশে রপ্তানিও করছি। বিভিন্ন দেশে খাদ্য সহায়তাও পাঠিয়েছি আমরা।”

২০০৪ সালে বাংলাদেশ ও শ্রীলংকা সরকারের মধ্যে চাল রপ্তানি বিষয়ে চুক্তি হয়, যার আওতায় ওই বছর ডিসেম্বরে দুই চালানে পাঠানো হয় ২৫ হাজার টন চাল।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গতবছর সাংবাদিকদের জানিয়েছিলেন, আফ্রিকার দেশগুলোতেও চাল রপ্তানির বাজার খোঁজা হচ্ছে।

বুধবার কৃষক লীগ আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় কৃষিমন্ত্রী বলেন, “এখন মোটা চাল রপ্তানির বিষয়েও আমরা ভাবছি। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে। সেখানেই সিদ্ধান্ত হবে যে আমরা মোটা চাল রপ্তানি করব কি করব না।”

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের কথাও তিনি অনুষ্ঠানে তুলে ধরেন।

পাটের জিনোম সিকোয়েন্স উন্মোচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তখন উন্নত যন্ত্রের জন্য প্রচুর টাকার প্রয়োজন ছিল। কিন্তু প্রধানমন্ত্রী বিজ্ঞানীদের বলেছিলেন, যত টাকা লাগুক, যন্ত্র এনে কাজ করুন। কৃষকের প্রতি বঙ্গবন্ধুর যে ভালোবাসা, বঙ্গবন্ধুর যে সাহস ছিল, শেখ হাসিনা তার উত্তরাধিকার বলেই এটি সম্ভব হয়েছে।”

সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেন মোল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ড. আবদুর রাজ্জাক আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

চাল নিয়ে শ্রীলঙ্কার পথে কাকলী
এবার আফ্রিকায় চালের বাজারের খোঁজে সরকার