২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আল আরাফাহ ব্যাংকের ১০ শতাংশ শেয়ার কিনল আইসিডি

আল আরাফাহ ইসলামী ব্যাংকের ১০ শতাংশ শেয়ার কিনেছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) অঙ্গ প্রতিষ্ঠান ইসলামিক কর্পোরেশন ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য প্রাইভেট সেক্টর (আইসিডি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 12:55 AM

Updated : 20 Aug 2022, 12:19 PM

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই শেয়ার হস্তান্তর বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

আল আরাফাহ ব্যাংকের পক্ষে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান ও আইসিডির পক্ষে সংস্থাটির মহাব্যবস্থাপক খালেদ এম আল-আবুদি চুক্তিতে স্বাক্ষর করেন।

এই শেয়ার হস্তান্তরের মধ্য দিয়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হলো আইসিডি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, ব্যাংকটির ১০ শতাংশ বা ১১ কোটি চার লাখ ৭৮ হাজার ৪৯২টি শেয়ারের মালিকানা বাবদ ১৫৪ কোটি ৬৬ লাখ ৯৮ হাজার ৮৮৮ টাকা পরিশোধ করবে আইসিডি।

প্রতিটি শেয়ারের মূল্য ধরা হয়েছে ১৪ টাকা। এর মধ্যে শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা আর শেয়ার প্রতি প্রিমিয়াম ৪ টাকা।

এই চুক্তিটি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও শেয়ারহোল্ডারদের সাধারণ সভায় অনুমোদনের পর কার্যকর হবে।

ওয়েব সাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে ব্যাংকটির পরিশোধিত মূলধন ৯৪৬ কোটি ৯৫ লাখ ৮০ হাজার টাকা। ৫৫ হাজার শেয়ারহোল্ডার রয়েছে ব্যাংকটির। সর্বশেষ তথ্য অনুযায়ী ব্যাংকটির শেয়ার প্রতি আয় ২ টাকা ২০ পয়সা।

সারা দেশে ১২৯টি শাখা ও ৩৪টি এজেন্টের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে ১৯৯৫ সালে যাত্রা শুরু করা এই শরীয়াহ ভিত্তিক ব্যাংক।