২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেপুটি গভর্নর নিয়োগে বিজ্ঞপ্তি

রিজার্ভের অর্থ লোপাটের ঘটনার পর অব্যাহতি দেওয়া দুই ডেপুটি গভর্নরের ফাঁকা আসন পূরণে বিজ্ঞাপন দিয়েছে অর্থমন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 10:24 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

রোববার অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিজ্ঞপ্তি প্রকাশের সার্কুলার জারি করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশে বা বিদেশে কেন্দ্রীয় ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানে শীর্ষ পর্যায়ে কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীকে অবশ্যই কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের বিশ্লেষণ ও বাস্তবধর্মী অভিজ্ঞতা থাকতে হবে।

দেশ বা বিদেশ থেকে কমপক্ষে মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। সর্বোচ্চ ৬০ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্তের হার্ড কপি ও সফট কপি অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গোকুল চাঁদ দাসের ঠিকানায় আগামী ১৩ এপ্রিলের মধ্যে পাঠাতে হবে।

বৈদেশিক মুদ্রার মজুদ থেকে অর্থ লোপাটের ঘটনায় গত ১৫ মার্চ আতিউর রহমান গভর্নর পদ থেকে পদত্যাগ করেন। ওইদিনই সরকার দুজন ডেপুটি গভর্নর আবুল কাশেম ও নাজনীন সুলতানাকে তাদের পদ থেকে অব্যহতি দেয়।

এর পরের দিন সরকার সাবেক অর্থ সচিব ফজলে কবির গভর্নর পদে নিয়োগ পান।

একইসাথে ডেপুটি গভর্নর পদে নিয়োগ দেওয়ার জন্য পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদকে প্রধান করে পাঁচ সদস্যের একটি সার্চ কমিটি গঠন করে। বৃহস্পতিবার তাদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক শেষে সার্চ কমিটির প্রধান কাজী খলীকুজ্জমান সাংবাদিকদের বলেন, “আমরা ডেপুটি গভর্নর পদে নিয়োগের জন্য আগামী রোববার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব। আগ্রহীদের আবেদন নেওয়া হবে ১৩ এপ্রিল পর্যন্ত।”