ব্র্যাক ব্যাংকের সম্মাননা পেলেন নারী ব্যাংকার ও উদ্যোক্তারা
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শীর্ষ নারী ব্যাংকার ও এসএমই খাতের নারী উদ্যোক্তাদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
বৃহস্পতিবার ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারী কর্মকর্তাদের প্ল্যাটফর্ম ‘তারা’ এর উদ্যোগে বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সম্মাননা দেওয়া।
নারী ব্যাংকার হিসেবে ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম, দ্যা সিটি ব্যাংকের অপারেশন্স বিভাগের প্রধান মাহিয়া জুনেদ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান বিটপী দাস চৌধুরীকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে তারা ব্যাংকের নারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় পর্বে অংশ নেন এবং তাদের জীবনের অনুপ্রেরণামূলক স্মৃতি তুলে ধরেন।
এছাড়া সফল নারী এসএমই উদ্যোক্তা হিসেবে উৎসব এন্টারপ্রাইজের ফারজানা আহমেদ, নিখুঁত ক্রাফটের নাজমা আরিফ ও তাজমহল প্রিন্টিংয়ের মাহবুবা ওহিদ- এই তিনজনকে সম্মাননা দেওয়া হয়।
ব্যাংকের কমিউনিকেশন ও সার্ভিস কোয়ালিটি বিভাগের প্রধান জারা জাবীন মাহবুব ও তারা’র চেয়ারপারসন নুরুন নাহার বেগম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রায় এক হাজার ২০০ নারী কর্মকর্তা নিয়ে গঠিত ‘তারা’ হচ্ছে বেসরকারিখাতে নারী ব্যাংকারদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্র্যাক ব্যাংকে কর্মরত নারীরা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং প্রফেশনাল ক্ষেত্রে উৎকর্ষ সাধনে সহায়তা পেয়ে থাকেন।
