২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজার্ভ হ্যাকিং নিয়ে ডিসিসিআই-এর উদ্বেগ

রিজার্ভ হ্যাকিংয়ের ঘটনা বাংলাদেশের অর্থনীতিতে ‘বহুমুখী’ প্রভাব ফেলতে পারে বলে মনে করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2016, 07:43 PM

Updated : 20 Aug 2022, 12:15 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন আশঙ্কার কথা জানায় ব্যবসায়ীদের এই সংগঠন।

এতে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে সংরক্ষিত বাংলাদেশ ব্যাংক-এর বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্যাকিংয়ের ঘটনা বাংলাদেশের অর্থনীতিতে বহুমুখী প্রভাব ফেলতে পারে।

“এ ঘটনার ফলে ব্যালেন্স অব পেমেন্ট, বৈদেশিক ঋণ পরিশোধ, ক্রেডিট রেটিং ব্যবস্থায় বাংলাদেশের স্থান অবনমন, এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে টাকার মূল্যমানের অবনমন এবং সার্বিকভাবে অর্থনীতিতে নিম্নমুখী ধারা সৃষ্টি হতে পারে।”

এ অবস্থায় সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে যথাযথ ও কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানায় ডিসিসিআই।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “ডিসিসিআই আশা করে, উচ্চক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি নিয়োগ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্যাকিংয়ের ঘটনায় জড়িতদের অতি দ্রুত খুঁজে বের করে আইনের মুখোমুখি করা সম্ভব হবে।

“যেহেতু কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশের মুদ্রানীতি প্রণয়ন এবং বাংলাদেশের ক্রম অগ্রসরমান আর্থিক খাতের রক্ষক হিসেবে কাজ করে, তাই সামনের দিনগুলোতে দেশের ব্যাংকিং খাতে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য যুগোপযোগী তথ্য-প্রযুক্তি নিরাপত্তা গ্রহণে কার্যকর পদক্ষেপ নেবে।”