২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরএফএল’র ফ্যামিলি গেম শো ‘শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি’

আরএফএল প্লাস্টিকস’র উদ্যোগে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় শুরু হচ্ছে ফ্যামিলি গেম শো ‘শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 09:14 PM

Updated : 11 Oct 2022, 07:56 PM

‘শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি’ ভিন্ন আঙ্গিকে বিনোদনধর্মী একটি ফ্যামিলি গেম শো। আরএফএল এর পানি বিশুদ্ধকরণ উপকরণ ‘ড্রিঙ্ক-ইট’ এর সৌজন্যে এ শো পরিচালিত হবে।

এই গেম শোর প্রিমিয়ার উপলক্ষে বুধবার রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন থেকে এসব কথা জানানো হয়।

সম্মেলনে আরএফএল এর পরিচালক আর এন পাল বলেন, বাংলাদেশের টেলিভিশন দর্শকদের একটি বাস্তব ও ভিন্নধর্মী প্রতিযোগিতামূলক অনুষ্ঠান উপভোগের জন্য ‘শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি’ নির্মিত হয়েছে।

চিরায়ত বাংলার দুই পরিবারের বিবাহবন্ধন ও এর আনন্দকে নতুন প্রজন্মের কাছে বিনোদন আঙ্গিকে উপস্থাপন ও দুই পরিবারের বন্ধনকে আরও আনন্দময় করে তোলাই এই গেম শো’র মূল লক্ষ্য।

আরএফএল প্লাস্টিকস এর প্রধান বিপণন কর্মকর্তা আরাফাতুর রহমান বলেন, আরএফএল সবসময় মানসম্মত অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে। আরএফএল গুণগত ও বাহারি প্লাস্টিকস পণ্যের মাধ্যমে ভোক্তাদের চাহিদা পূরণ করে যাচ্ছে।

পিআর প্রোডাকশনের নির্মিত এ রিয়েলিটি শোর প্রতিটি পর্বে অংশ নিচ্ছেন একজন বর ও কনে। নিজ নিজ পক্ষের শশুরবাড়ির লোকজনকে নিয়ে লড়বেন এ প্রতিযোগিতায়।

এক ঘণ্টাব্যাপী চার পর্বের এ অনুষ্ঠানে থাকছে বুদ্ধির খেলা, কৌশলী কাজসহ বিভিন্ন প্রতিযোগিতা। আর প্রতি পর্বেই বর ও কনের সাথে বিশেষ একটি খেলায় অংশগ্রহণ করবেন একজন তারকা।

প্রতি পর্বের বিজয়ী দলের জন্যে থাকছে বিশেষ উপহার।

মুসফিক কল্লোল এর নির্দেশনায় ‘শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি’ নির্মিত হয়েছে সুপরিসর স্টুডিও এবং অত্যাধুনিক কারিগরি সহযোগিতায়। শান্তা জাহানের উপস্থাপনায় এই গেম শো এটিএন বাংলায় প্রতি শুক্র ও শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে সম্প্র্রচারিত হবে।

পিআর প্রোডাকশন এর প্রধান মাসুদুজ্জামান, এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা নওয়াজিশ আলী খান ও গেম শো পরিকল্পনাকারী তানভীর হোসেন প্রবাল সম্মেলনে উপস্থিত ছিলেন।