২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালের নিরাপত্তা উন্নয়নের কাজ পাচ্ছে যুক্তরাজ্যের কোম্পানি

যুক্তরাজ্য ঢাকা থেকে কার্গো ফ্লাইট নিষিদ্ধের পর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তা উন্নয়নে ওই দেশের একটি কোম্পানিকেই নিয়োগ দিতে যাচ্ছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2016, 12:51 AM

Updated : 20 Aug 2022, 12:09 PM

আগামী ২০ মার্চের মধ্যে বিদেশি কোম্পানিকে নিয়োগ দিতে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী রাশেদ খান মেনন।

ঢাকায় ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে সোমবার সচিবালয়ে বৈঠক শেষে মেনন সাংবাদিকদের বলেন, ব্রিটিশ হাই কমিশনারসহ সংশ্লিষ্টদের নিয়ে রোববার সভা হয়েছে। তারা বিমান বন্দরের নিরাপত্তার জন্য কিছু কাজ করতে বলেছেন।

“প্রশিক্ষণ এবং তদারকিতে সহায়তার লক্ষ্যে যুক্তরাজ্য তাদের দেশের কিছু কোম্পানির নাম বলেছে। ওইসব কোম্পানি থেকে কোনো কোম্পানিকে বাছাই করে বিমান বন্দরের নিরাপত্তা জোরদারে কাজ করলে তা স্ট্যান্ডার্ড হবে বলে জানিয়েছেন তারা।”

গত ৮ মার্চ ঢাকা থেকে যুক্তরাজ্যে সরাসরি কার্গো ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় যুক্তরাজ্য।

ওই দিন দেশটির ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় দেখা গেছে আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিতের প্রয়োজনীয় কিছু বিষয় সেখানে পূরণ করা হয়নি।

তার আগে অস্ট্রেলিয়াও বাংলাদেশ থেকে সরাসরি কার্গো ফ্লাইট নিষিদ্ধ করেছিল।

বিমান বন্দরের নিরাপত্তা উন্নয়নে বিদেশি কোম্পানিকে নিয়োগ দিলে কোনো জটিলতা হবে কি না- এ প্রশ্নে মেনন বলেন, “আমরা কোনো কিছুই তাদের হাতে তুলে দিচ্ছি না।

“আপাতত আলোচনার ভিত্তিতে তাদের (যুক্তরাজ্যের কোম্পানি) সার্ভিস নেব। প্রথমে হয়ত ছয় মাসের জন্য সার্ভিস নেব। পরবর্তীতে হয়ত বাড়বে।”

শাহজালালের নিরাপত্তা উন্নয়নে বিদেশি কোম্পানিকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার কোনো চিন্তা নেই বলেও জানান বিমানমন্ত্রী।

এদিকে যুক্তরাজ্যের হাই কমিশনার অ্যালিসন ব্লেকের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সোমবার সাংবাদিকদের বলেন, “আমরা একমত হয়েছি ব্রিটেনের অভিজ্ঞতাসম্পন্ন কোনো সার্ভিস কন্ট্রাক্টরকে নিয়োগ দেব।

“তারা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যৌথভাবে কাজ করবে। এই কাজ করলেই সমস্যার সমাধান হবে।”

যুক্তরাজ্যে সরাসরি কার্গো ফ্লাইট ঢুকতে না দেওয়ার নিষেধাজ্ঞার বিষয়টি শিগগিরই সমাধান হবে বলে মনে করেন তোফায়েল।

পুরনো খবর:

ঢাকা থেকে সরাসরি কার্গো বিমান নিষিদ্ধ যুক্তরাজ্যে
যুক্তরাজ্যে কার্গো ফ্লাইটে নিষেধাজ্ঞা, উৎকণ্ঠায় ডিসিসিআইও
শাহজালালে অফিস করবেন মন্ত্রী-সচিব