২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিটকের সঙ্গী হল বিকাশ

এখন থেকে টেলিটকের সিমে খোলা যাবে বিকাশ অ্যাকাউন্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 09:21 PM

Updated : 11 Oct 2022, 07:55 PM

সোমবার ওয়েস্টিন হোটেলে এই সেবার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম

এ সময় প্রতিমন্ত্রী বলেন, “এখন টেলিটকের চলার সঙ্গী হল বিকাশ। বিকাশ যেভাবে বিকশিত হয়েছে টেলিটক সেভাবে বিকশিত করার চেষ্টা করা হচ্ছে।”

“মোবাইল ফোন অপারেটরদের মাধ্যমে ব্যাংকিং সেবা বহির্ভূত একটি বিশাল জনগোষ্ঠীকে আর্থিক সেবা দেওয়ার মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিকাশ।

“টেলিটকে বিকাশ সেবা চালু এই আর্থিক অন্তর্ভুক্তিকে আরও এগিয়ে নেবে বলে আমার বিশ্বাস।”

গত বছরের ফেব্রুয়ারিতে গ্রাহকদের জন্য মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস চালুর লক্ষে বিকাশের সঙ্গে নেটওয়ার্ক শেয়ারিং চুক্তি করে টেলিটক।

এর মধ্য দিয়ে সবকটি জিএসএম মোবাইল অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের আওতায় ঢুকলো বিকাশ।

টেলিটক গ্রাহকরা এখন লেনদেন, মার্চেন্ট পেমেন্টসহ বিকাশের সব সেবা উপভোগ করতে পারবেন।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ বলেন, “টেলিটকের কয়েক মিলিয়ন গ্রাহক রয়েছে, যারা বিকাশ-এর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করে উপকৃত হবেন।”

২০০৪ সালের ডিসেম্বর মাসে দেশের পঞ্চম মোবাইল ফোন অপারেটর হিসেবে যাত্রা শুরু করা টেলিটকের গ্রাহক সংখ্যা প্রায় ৪৩ লাখ।

বিকাশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, “টেলিটকের নেটওয়ার্কে বিকাশ-এর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস চালুর ফলে গ্রাহকরা খুব নিরাপদ, সহজ ও কম খরচে টাকা আদান-প্রদান, দোকানে কেনাকাটাসহ অনেক কিছুই করতে পারবেন।”

২০১১ সালে কার্যক্রম শুরু করা বিকাশ ব্র্যাক ব্যাংক, ইউএসভিত্তিক মানি ইন মোশন, ইন্টারন্যাশনাল ফিনান্স করপোরেশন এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন উপস্থিত ছিলেন।