২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক অনুমোদন পেল আরিশা অর্থনৈতিক অঞ্চল

ঢাকার কেরানীগঞ্জে বেসরকারি শিল্পাঞ্চল প্রতিষ্ঠায় ‘আরিশা অর্থনৈতিক অঞ্চলকে’ প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 07:58 PM

Updated : 11 Oct 2022, 07:55 PM

সোমবার বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী আরিশা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সংসদ সদস্য মো. আসলামুল হকের কাছে প্রকল্পের প্রাক-যোগ্যতা সনদ (লাইসেন্স) তুলে দেন।

মোহাম্মপুরের বসিলা ও কেরানীগঞ্জ সংযোগ সেতু (৩য় বুড়িগঙ্গা সেতু) বুড়িগঙ্গা নদীর মোহনায় কেরানীগঞ্জের ওয়াশপুর মৌজা ও সভারের শ্যামলাপুর মৌজায় ৫০ একরের বেশি জমিতে এই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ চলছে।

ক্রমান্বয়ে প্রকল্প এলাকা বেড়ে দেড়শ একরে উন্নীত হবে বলে মালিকপক্ষ জানিয়েছে।

সংসদ সদস্য আসলামুল হক বলেন, প্রথম পর্যায়ে আরিশা গ্রুপের মালিকানাধীন ৫০ দশমিক ৮১ একর জমির ওপর বেজা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লাইসেন্স দিয়েছ।

“এখানে ২০০টি শিল্পকারখানা স্থাপনের জন্য চাহিদা অনুযায়ী স্থান বরাদ্দ থাকবে। প্রকল্পে আগামী আট বছরে ৪০ হাজার লোকের কর্মসংস্থান হবে বলে আশা করছি।”

প্রকল্পের ভূমি উন্নয়ন ও অন্যান্য কাজে এ পর্যন্ত প্রায় ৩০০ মিলিয়ন ডলার খরচ হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রাথমিক পরিকল্পনা বাস্তবায়নে আরও ২০০ মিলিয়ন খরচ করা হবে।

রাশিয়ার একটি বিমান ও হেলিকপ্টারের খুচরা যন্ত্রাংশ উৎপাদনকারী প্রতিষ্ঠান, জাপান, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের আইসিটি, ফুটওয়্যার, অ্যাগ্রো ও ফার্মাসিটিক্যাল প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য যোগাযোগ করছে বলে জানান আরিশা অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ।

বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, সরকার নির্ধারিত পরিকল্পনার চেয়েও দ্রুত গতিতে তারা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ করছেন।

“ইতোমধ্যেই ৫৯টি প্রকল্প এলাকা নির্বাচন করা হয়েছে। সেগুলোর আরও সম্ভাব্যতা যাচাই শেষে ধীরে ধীরে লাইসেন্স দেওয়া হবে।”

অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে বেসরকারি উদ্যোগে সারা দেশে একশ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। ইতোমধ্যে ১০টি কোম্পানিকে চূড়ান্ত লাইসেন্স দেওয়া হয়েছে। 

পবন বলেন, বসুন্ধরা গ্রুপসহ দেশের আরও কয়েকটি বড় কোম্পানি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় সরকারের কাছে প্রস্তাব করেছে।