কর্মী পাঠানোর আগে বীমা নিশ্চিতে কোম্পানি গঠনের সুপারিশ
বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর আগে তাদের বীমা নিশ্চিত করতে বিশেষায়িত বীমা কোম্পানি গঠনের সুপারিশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সদস্য মাহজাবীন মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের দেশের শ্রমিকরা বিদেশে গিয়ে অনেক দুর্ঘটনায় পড়ে। প্রাণহানির ঘটনাও ঘটে। এ ধরনের ঘটনার পর ওই শ্রমিকের পরিবার বিপদে পড়ে।
“শ্রমিকদের যদি ইন্সুরেন্স করা থাকে তাহলে কিছুটা নিরাপত্তা থাকে। এজন্য কমিটি এ সুপারিশ করেছে।”
কমিটির কার্যপত্র থেকে জানা গেছে, গতমাসে কমিটির বৈঠকে অভিবাসী শ্রমিকদের বীমার বিষয়টি আলোচনায় ওঠে। ওই আলোচনার পরিপ্রেক্ষিতে কমিটির বৈঠকে এই সুপারিশ এল।
এদিকে সংসদীয় কমিটির এ সুপারিশে সন্তোষ প্রকাশ করেছে অভিবাসী শ্রমিকদের উন্নয়ন কাজ করা বেসরকারি সংগঠন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফর দ্যা রাইটস অব বাংলাদেশি ইমিগ্রেন্টস (ওয়ারবি)।
সংগঠনের চেয়ারম্যান সাইফুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা খুব পজিটিভ একটা স্টেপ। শ্রমিক বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা দেওয়ার কথা আমরা অনেকদিন ধরেই বলছি। আমরা আশা করি সংসদীয় কমিটির এ সুপারিশ দ্রুত বাস্তবায়ন হবে।”
ফিলিপিন্স, মেক্সিকো ও ভারতে অভিবাসী শ্রমিকদের বীমার আওতায় আনা হয় বলে জানান তিনি। সম্প্রতি নেপালও একই উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
সংসদ সদস্য মাহজাবীন মোর্শেদ জানান, কমিটি মালয়েশিয়ায় বসবাসকারী অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বৈধ করার বিষয়ে তৎপর হতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।
তিনি বলেন, “যেসব অবৈধ কর্মী মালয়েশিয়ায় আছে তাদের অবস্থা মানবেতর। ওই শ্রমিকদের বৈধ করার জন্য মন্ত্রণালয়কে তৎপর হওয়ার জন্য বলা হয়েছে।”
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার সঙ্গে সরকারের চুক্তির শর্ত অনুযায়ী শিগগিরই শ্রমিকরা যাতে দেশটিতে যেতে পারে তার ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
সংসদীয় কমিটি বিদেশে বাংলাদেশি নারী শ্রমিক পাঠানোর আগে তাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং শুধু গৃহকর্মী হিসেবে না পাঠিয়ে প্রশিক্ষণের মাধ্যমে অন্যান্য পেশার কর্মী হিসেবে পাঠানোর পরামর্শও দিয়েছে।
কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. শাহাব উদ্দিন, ইসরাফিল আলম, আয়েন উদ্দিন, মাহজাবীন মোর্শেদ অংশ নেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন।
