২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারযুক্ত ইন্টারনেট ব্যবহারকারী বছরে দ্বিগুণ

মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লায় পিছিয়ে থাকলেও গত এক বছরে প্রায় দ্বিগুণ ছাড়িয়েছে তারযুক্ত ‘ফিক্সড ব্রডব্যান্ড’ গ্রাহকের সংখ্যা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2016, 06:45 PM

Updated : 11 Oct 2022, 07:53 PM

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র প্রতিবেদন অনুযায়ী, গত বছর জানুয়ারির শেষ নাগাদ দেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) এবং পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্কের (পিএসটিএন) গ্রাহক সংখ্যা ছিল ১২ লাখ ৪০ হাজার।

চলতি বছর জানুয়ারির শেষ নাগাদ এ সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখ ৯৪ হাজারে।

বিটিআরসি’র হিসাবে এক বছরে তারযুক্ত ইন্টারনেট গ্রাহক সংখ্যা বছরে বেড়েছে ১৩ লাখ ৫৪ হাজার।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এম এ হাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইএসপিগুলো বিটিআরসিতে সঠিকভাবে হিসাব দিলে তারযুক্ত ফিক্সড ব্রডব্যান্ডের প্রকৃত গ্রাহক সংখ্যা প্রায় ৫০ লাখের মত হবে।”

তারযুক্ত ফিক্সড ব্রডব্যান্ড গ্রাহক সংখ্যা বাড়ছে এবং সরকার আরো কিছু উদ্যোগ নিলে এ সংখ্যা আরও বাড়বে জানিয়ে হাকিম বলেন, “ট্রিপল প্লে কেবল সুবিধা এবং আইপিটিভিসহ অন্যান্য সার্ভিসগুলো আইএসপি’র মাধ্যমে দেওয়ার সুযোগ দিলে এ সংখ্যা আরও কয়েকগুন বেড়ে যাবে।”

এদিকে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা বৃদ্ধির গতি অব্যাহত রয়েছে। গত এক বছরে এই সংখ্যা প্রায় এক কোটি ২১ লাখ বেড়ে দাঁড়িয়েছে পাঁচ কোটি ৩৪ লাখ ৩১ হাজারে।

তারযুক্ত ইন্টারনেট এবং মোবাইল ইন্টারনেট গ্রাহক বাড়লেও ওয়াইম্যাক্স ইন্টারনেটের গ্রাহক সংখ্যা কমছেই। এক বছরে ওয়াইম্যাক্স ইন্টারনেটের গ্রাহক দুই লাখ ২৩ হাজার থেকে ৭০ হাজার কমে এক লাখ ৪৩ হাজার হয়েছে।

বিটিআরসি’র হিসাবে, গত এক বছরে (জানুয়ারি ২০১৫ থেকে জানুয়ারি ২০১৬) দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে এক কোটি ৩৪ লাখের বেশি।

গত জানুয়ারির শেষ নাগাদ দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় পাঁচ কোটি ৬১ লাখ ৬৭ হাজার। এক বছর আগে একই সময় তা ছিল চার কোটি ২৭ লাখ ৬৬ হাজার।

বিটিআরসি-এর হিসাবে বর্তমানে দেশে ৪৯০টি আইএসপি ইন্টারনেট সেবা দিচ্ছে।