২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিটি এক্সপো: দর্শকের আগ্রহে দেশীয় উদ্ভাবন

ঢাকায় শুরু হওয়া তিনদিনের আইসিটি মেলায় দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে দেশীয় উদ্ভাবকদের নতুন নতুন সব সৃষ্টি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 09:01 PM

Updated : 11 Oct 2022, 07:52 PM

প্রদর্শনীস্থলের শুরুতেই থাকা ইনোভেশন কর্নারে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্যক্তি উদ্যোগের অন্তত ২০টি উদ্ভাবন স্থান পেয়েছে।

শুক্রবার ছুটির দিনে মেলা ঘুরে দেখা যায়, দর্শনার্থীরা প্রদর্শনী স্থলে ঢুকেই প্রথমে যাচ্ছে দেশীয় উদ্ভাবন ক্ষেত্রে। রোবট, ড্রোনসহ নতুন নতুন উদ্ভাবন দেখে মুগ্ধ হচ্ছেন অনেকেই।

প্রদর্শনীতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষক ড. খন্দকার আল মামুন মেলায় এনেছেন সেন্সর স্টিক, যা দৃষ্টিপ্রতিবন্ধীদের পথচলায় সহায়তা করে।

এছাড়া অটিজম পরীক্ষা করার অ্যাপ ‘অটিজম বার্তা’, ডিজিটাল কমিউনিকেশন টুলস ফর অটিস্টিক অ্যান্ড নন ভার্বাল চিল্ড্রেন, ব্রেইন মেসিন ইন্টারফেইস নামের যন্ত্র রয়েছে তার উদ্ভাবনের ঝুলিতে।

কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথহ্যাম্পটন থেকে উচ্চতর ডিগ্রি নেওয়া শিক্ষক মামুন বলেন, ডিজঅ্যাবল মানুষের জীবন সচল করা সম্পর্কিত বিভিন্ন উদ্ভাবন তার একাডেমিক কাজের অংশ। উচ্চতর পড়াশোনার সময় তিনি এই প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের বিভিন্ন টুলস তৈরিতে গবেষণা শুরু করেন।

দেশে ফিরে নিজের শিক্ষার্থীদের নিয়ে বাস্তবে রূপ দিতে থাকেন এসব যন্ত্র। সরকারের বিভিন্ন দপ্তর তার উদ্ভাবনগুলোকে কাজে লাগাতে যোগাযোগ করছে বলেও জানান মামুন।

আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়ে এসেছে হোম অটোমেশন অ্যান্ড সিকিউরিটি সিস্টেম।

সিএসই বিভাগের শিক্ষার্থী সাদমান মেহেদী ও জগলুল আহমেদ এই উদ্ভাবনের সঙ্গে রয়েছেন। মেলায় ওয়ালটনসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান তাদের এই প্রযুক্তি সম্পর্কে আগ্রহ দেখিয়েছে বলে জানান সাদমান।

এছাড়া মোশন ডিটেকশন সিকিউরিটি সিস্টেম নামের একটি প্রযুক্তি এনেছেন অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

বাড়ির মূল ফটকে বসানো ক্যামেরায় ধারণ করা ছবি স্বয়ংক্রিয়ভাবে সার্ভারে জমা হচ্ছে। প্রতিটি ব্যক্তির স্টিল ছবিও মেইলের মাধ্যমে চলে যাচ্ছে বাড়ির কর্তার কাছে। এছাড়া অন্যান্য কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে বেড়ে উঠছে এলার্ম।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষার্থীরা নিয়ে এসেছে অটোমেটেড পার্কিং সিস্টেম।

পার্কিংস্থল ফাঁকা থাকা সাপেক্ষে সেখানে নতুন গাড়ি ঢুকতে দিচ্ছে কম্পিউটার। এছাড়া কোনো গাড়ি চলে গিয়ে পার্কিং ফাকা হলে তাও দেখা যাচ্ছে স্ক্রিনে।

দিনে ছয়বার করে স্বয়ংক্রিয় আবহাওয়া বার্তা পাওয়ার কৌশল এনেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের একদল শিক্ষার্থী।

‘স্যাটেলাইট বেইস স্টেশন অ্যান্ড কোয়াড কপ্টার ফর রিমোট সেন্সিং’- নামে তাদের এই প্রকল্প বিশেষভাবে তৈরি একটি এন্টেনা ও একটি বিশেষ ধরনের ড্রোনের সাহায্যে কাজ করছে।

তাদের উদ্ভাবন করা এন্টেনা কোনো ঝামেলা ছাড়াই স্যাটেলাইট ইমেজ গ্রহণ করে আবহাওয়ার তথ্য দিতে পারছে। আর ঘূর্ণিঝড় বা অন্যকোনো প্রাকৃতিক দুর্যোগের পর ক্ষয়ক্ষতি দেখতে পারছে বিশেষ ধরনের ড্রোন।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আরেকদল শিক্ষার্থী নিয়ে এসেছে কম মূল্যের সাশ্রয়ী মেরিন ব্ল্যাক বক্স। বিশ্বের বিভিন্ন দেশে থাকা ব্ল্যাক বক্সের দাম লাখ টাকার বেশি হলেও তাদের প্রযুক্তি ব্যবহার করে মাত্র ১৫ থেকে ২০ হাজার টাকায় দুর্ঘটনার শিকার জাহাজ খুঁজে পাওয়া যাবে।

সিটি ইউনিভার্সিটির ছয়জন শিক্ষার্থীর চেষ্টায় এসেছে ‘স্নাইডার রোবট’। চাকার পরিবর্তে আটটি পা দিয়ে সামনে এগিয়ে যেতে পারে এই যান্ত্রিক যান।

উদ্ভাবক দলের এক সদস্য বলেন, “এবড়ো থেবড়ো পথে, যেখানে কোনো চাকার গাড়ি যেতে পারেনা সেখানে এই রোবট কার্যকর হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ফিজিক্স ডিপার্টেমেন্টের শিক্ষার্থীদের উদ্ভাবন ফায়ার ডিটেকশন অ্যান্ড এক্সটিনগুইশিং সিস্টেম। ভবনে আগুন লাগলে স্বয়ংক্রিয়ভাবে নেভাবে তাদের প্রযুক্তি।

এছাড়া প্রদর্শনীতে রয়েছে ভয়েস কন্ট্রোল স্মার্ট হোম সিস্টেম। বৈদ্যুতিক পাখা, বাতি, ফ্রিজ, এয়ার কন্ডিশনসহ বিভিন্ন ইলেক্ট্রনিকস সামগ্রী কথার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় এই প্রযুক্তির মাধ্যমে।

বেসরকারি ইস্টার্ন ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীরা এই প্রযুক্তিটি উদ্ভাবন করেছে।

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্ভাবন করেছে ইন্টিলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম। নিজস্ব বিচার-বিবেচনায় চৌরাস্তার সিগনাল নিয়ন্ত্রণে সক্ষম নতুন এই উদ্ভাবন।

একই বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের শিক্ষার্থীরা তৈরি করেছে বিশেষ ধরনের সোলার প্যালেন, যা সকাল-দুপুর-সন্ধ্যায় সূর্যের সঙ্গে সঙ্গে দিক পরিবর্তন করবে। এর ফলে অধিক পরিমাণ চার্জ সংরক্ষণে সক্ষম হবে সৌর প্যানেল।

মিট দ্য বাংলাদেশ স্লোগানে তিনদিনের বাংলাদেশ আইসিটি এক্সেপোর দ্বিতীয় দিন ছিল শুক্রবার। ছুটির দিনে সকালে দর্শনার্থীদের চাপ কিছুটা কম থাকলেও বিকালে কানায় কানায় ভরে উঠে মেলা প্রাঙ্গণ।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আনোয়ারুল ইসলাম নামের এক দর্শনার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেলায় না এলে এতো সব উদ্ভাবন সম্পর্কে কল্পনাও করা যেত না। প্রযুক্তিখাতে বাংলাদেশ অনেকটাই এগিয়েছে।”

কয়েকটি উদ্ভাবনের কথা উল্লেখ করে তিনি বলেন, “এখন সরকারের উচিত- এসব আবিষ্কারকে বাণিজ্যিক কাজে ব্যবহার করা, যাতে সারা দেশের মানুষ উপকার পায়।”

প্রদর্শনীতে দেশীয় বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের পাশাপাশি বিশ্বের বিভিন্ন আইটি কোম্পানির উপস্থিতিও রয়েছে। এসব কোম্পানি তাদের সর্বাধুনিক প্রযুক্তিপণ্যের সমাহার করেছে মেলায়।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মোক্ত তিনদিনের এই প্রদর্শনী শেষ হবে শনিবার।