২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেঁয়াজ-রসুনে ‘অস্বস্তি’ বাজারে

সপ্তাহের ব্যবধানে ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে পেঁয়াজ ও রসুনের দাম; মসলা পণ্যদুটির দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 07:48 PM

Updated : 20 Aug 2022, 12:02 PM

অবশ্য পাইকারি বাজারে দাম আগের মতোই রয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। 

শুক্রবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে দেশি পেঁয়াজ (ফরিদপুর, পাবনা, গোয়ালন্দ এলাকায় উৎপাদিত) ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হয়েছে।

অথচ গত সপ্তাহে একই পেঁয়াজ বিক্রি হয়েছে ২৫ থেকে ৩০ টাকায়। আর আমদানি করা পেঁয়াজ ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে দেশি রসুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০ থেকে ৯০ টাকায়। যদিও গত সপ্তাহে ৬৫ থেকে ৮০ টাকায় মিলেছে এই পণ্য।

আমদানি করা রসুনের দাম অবশ্য একটু বেশি; গত সপ্তাহের ১৯৫ টাকা থেকে বেড়ে এ সপ্তাহে গিয়ে ঠেকেছে প্রতি কেজি ২১০ টাকায়।

পেঁয়াজ-রসুনের দাম বাড়ার কারণ জানতে চাইলে ফকিরেরপুল কাঁচাবাজারের ব্যবসায়ী রবিউল ইসলাম পাইকারিতে দাম বাড়ার পুরনো যুক্তিই তুলে ধরেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাইকারি বাজারে দাম বাড়তি। বাজারে পেঁয়াজ, রসুনের সরবরাহ কম।”

কিন্তু তার এ দাবি নাকচ করে দেন শ্যামবাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী রতন সাহা।   

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাইকারি বাজারে পেঁয়াজের দাম বাড়েনি। বরং কুষ্টিয়ার পেঁয়াজের দাম কমেছে। খুচরা বাজারে কেন বাড়ছে তা আমাদের জানা নেই।”

“খুচরা বাজারের দাম নিয়ে বহুবার বাণিজ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থাকে বলা হয়েছে। কিন্তু সরকার কী করে তা আমাদের জানা নেই,” বলেন এই আমদানিকারক।

রসুনের দাম বাড়ার বিষয়ে সরল স্বীকারোক্তি দিয়ে তিনি জানান, পণ্যটির আমদানি মূল্য বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব বাজারে পড়েছে।

রতন সাহা জানান, শুক্রবার ঢাকায় কৃষিপণ্যের অন্যতম পাইকারি বাজার শ্যামবাজারে মেহেরপুর জেলায় উৎপাদিত পেঁয়াজ ৬ থেকে ৭ টাকা আর ফরিদপুর, পাবনা, গোয়ালন্দ এলাকার পেঁয়াজ ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আর ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৭ টাকায়।

এছাড়া আমদানি করা রসুন পাইকারি বাজারে ১৯০ থেকে ১৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে; দেশি রসুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬৫ টাকা পর্যন্ত।

মেহেরপুরে সুখ সাগর ও তাহিরপুরি জাতের পেঁয়াজ চাষ হয়। এসব পেঁয়াজ দেখতে কিছুটা বেগুনী রঙের, মোটা ও রসালো। এই পেঁয়াজের দাম সবচে কম।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে সারা দেশে ২ লাখ ১১ হাজার ৪০০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। গত বছর পেঁয়াজ চাষ হয়েছিল ১ লাখ ৯৪ হাজার হেক্টর জমিতে। মোট উৎপাদন হয়েছিল সাড়ে ১৯ লাখ টন।

তবে এবার উৎপাদন বেশি হবে বলে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সংস্থাটির তথ্য কর্মকর্তা মোহাম্মাদ আবদুহু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বছর পেঁয়াজ রসুনের চাষ বেশি হয়েছে। আবহাওয়াও ভালো ছিল। ফলে বেশি উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।” 

আর রসুন চাষ হয়েছে ৭৬ হাজার হেক্টর জমিতে। গতবছর এই মসলা পণ্যটি চাষ হয়েছিল ৬৯ হাজার হেক্টর জমিতে; উৎপাদন এসেছে ৪ লাখ ৫৬ হাজার টন।

পেঁয়াজ-রসুন বাদে বাজারে অন্যান্য পণ্যের দাম অনেকটা স্থিতিশীল রয়েছে।

আলু ১৫ টাকা, বেগুন ২০ থেকে ৩০ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা, চিচিংগা ৪০ থেকে ৫০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, উচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, করলা ৪০ থেকে ৫০ টাকা, সিম ৩০ থেকে ৪০ টাকা দরে পাওয়া যাচ্ছে।

লাউয়ের দাম একটু কমে প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।