২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আইসিটি এক্সপো শুরু

দেশের তথ্য-প্রযুক্তি খাতকে আরও প্রসারিত করতে ঢাকায় দ্বিতীয়বারের মতো বসেছে প্রযুক্তি পণ্যের উন্মুক্ত আয়োজন ‘বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৬’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 01:19 AM

Updated : 11 Oct 2022, 07:52 PM

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃস্পতিবার শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন।

শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনীর দ্বার খোলা  থাকবে।

প্রদর্শনীতে অর্ধশতাধিক প্যাভিলিয়ন এবং তার চেয়ে বেশি সংখ্যক ছোট-বড় স্টল রয়েছে। এছাড়া দেশি-বিদেশি প্রযুক্তিবিদদের অংশগ্রহণে প্রতিদিনই একাধিক সেমিনার থাকছে।

দেশের হার্ডওয়্যার খাতকে এগিয়ে নেওয়া এবারের আইসিটি এক্সপোর মূল উদ্দেশ্য জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, “গত সাত বছরে সফটওয়্যারে ব্যাপক সাফল্য এসেছে। তবে হার্ডওয়্যার একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা ছাড়া সফটওয়্যার চলতে পারে না।”

বর্তমানে দেশে ১৩ কোটি ৩৩ লাখ সিম এবং ১০ কোটি মোবাইল সেট ব্যবহার হচ্ছে জানিয়ে তিনি বলেন, “প্রতি বছর পাঁচ লাখের বেশি ল্যাপটপ, তিন কোটিরও বেশি মোবাইল ফোন আমদানি হচ্ছে। গত বছর ছয় লাখেরও বেশি স্মার্টফোন দেশের বাজারে এসেছে। এসব পণ্য দেশে উৎপাদন করা গেলে প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হত।”

Image
জুনাইদ আহমেদ পলক

জুনাইদ আহমেদ পলক

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল বলেন, বর্তমান সরকার দেশে তথ্য- প্রযুক্তি খাতের অবকাঠামো নির্মাণে ৮ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এসব প্রকল্প এখন বাস্তবায়ন হচ্ছে।

“কালিয়াকৈর হাই টেক পার্কে সরকারি-বেসরকারি উদ্যোগে মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটার তৈরি শুরু হয়েছে। আগামী ২০২১ সালের মধ্যে এ খাত থেকে ৫ বিলিয়ন ডলার রপ্তানি করা সম্ভব হবে।”

এছাড়া দেশে উৎপাদিত তথ্য-প্রযুক্তি পণ্য দেশের ‘বিশাল’ চাহিদা পূরণ করতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমেদ বক্তব্য দেন।

তরুণদের তথ্য-প্রযুক্তিতে পারদর্শী করে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, “দেশের যুব সমাজকে তথ্য প্রযুক্তির শিক্ষা দিতে পারলেই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হবে।  এ খাতকে এগিয়ে নিতে পারলে আমাদের আর কেউ পেছনে রাখতে পারবে না।”