২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নতুন পথে’ বাংলালিংক, গুরুত্ব পাবে দক্ষরা

কর্মী অসন্তোষের মুখে চালু করা ‘স্বেচ্ছা অবসরের’ ঘোষণার পর এবার বাংলালিংক কর্তৃপক্ষ জানাল, প্রতিষ্ঠানে টিকে থাকতে হলে দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 06:20 PM

Updated : 11 Oct 2022, 07:49 PM

পুরনো খবর:

চাকরি বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বাংলালিংক কর্মীরা
‘স্বেচ্ছায় চাকরি ছাড়ার স্কিম’ বাংলালিংকে

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মোবাইল সেবাদানকারী এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অস এ কথা বলেন।

রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাংলালিংক ডিজিটাল হচ্ছে। গ্রাহকদের  আরও উন্নত সেবা দেওয়া হবে। এজন্য বাংলালিংকের ডিজিটাল স্কিল অপরিহার্য। আর তা করতে প্রথম দরকার কর্মীদের প্রযুক্তিগত দক্ষতা। যেসব কর্মী তাদের উন্নততর দক্ষতা দিয়ে গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করতে পারবে তারাই হবে বাংলালিংকের নতুন পথচলার সাথী।”

বাংলালিংক তাদের কর্মীদের জন্য স্বেচ্ছায় চাকরি ছাড়ার যে প্রকল্প ঘোষণা করেছে তার সময় আর বাড়ানো হবে না বলেও জানান এরিক অস।

অসন্তোষের মুখে কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার জন্য ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয় বাংলালিংক।

এরিক অস বলেন, “প্রকৃত ডিজিটাল কার্যক্রমে উপযুক্ত হওয়ার জন্য কোম্পানিটির পুনর্গঠন করা হচ্ছে। এতে প্রযুক্তিগত উন্নয়ন হবে। এসব বিবেচনায় ভলেন্টারি সেপারেশন স্কিম চালু করা হয়েছে। আশা করছি সেটা সবাই বুঝবে। যারা যোগ্য তাদের জন্য সবসময়ই একটা ব্যবস্থা থাকে, এখানেও তার ব্যতিক্রম নেই।”

সম্প্রতি এক কর্মীকে চাকরিচ্যুত করার পর বাংলালিংক কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ঘটনাক্রমে কর্মীদের হাতে কয়েকজন পদস্থ কর্মকর্তা অবরুদ্ধও হন।

এর পরিপ্রেক্ষিতে ১৪ ফেব্রুয়ারি ‘স্বেচ্ছায় চাকরি ছাড়ার স্কিম’ ঘোষণা করে প্রতিষ্ঠানটি।

বক্তৃতার শুরুতে গত ডিসেম্বরে বাংলালিংকে যোগ দেওয়া এরিক অস প্রতিষ্ঠানের অবস্থান ও নিজের কর্মপরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন “বাংলালিংক ডিজিটাল হতে চায়- এর অর্থ হচ্ছে এখন শুধু যোগাযোগ করিয়ে দেওয়াই সব নয়। বিশ্ব ও আমাদের গ্রাহকরা ডিজিটাল হচ্ছে। গ্রাহকরা স্মার্ট ফোন ও ইন্টারনেট ব্যবহার করছে। গ্রাহকদের দৈনন্দিন কার্যক্রমের বড় অংশ এখন হচ্ছে অনলাইনে। কেনাকাটা, ব্যাংক লেনদেন, গান শোনা, আপনজনের সাথে আলাপন সবই অনলাইনে হচ্ছে।

“আমরা আমাদের গ্রাহকদের ডিজিটাল জগতের সাথে সংযুক্ত হতে সহায়ক হতে চাই।”

এজন্য বাংলালিংক থ্রিজি নেটওয়ার্ক বাড়ানোর উদ্যোগ নিয়েছে জানিয়ে নরওয়ের এই নাগরিক বলেন,  “গতবছর শেষে বাংলালিংকের থ্রিজি বেইজ স্টেশন ছিল ৩ হাজার ৭০০টি। আগামী জুন শেষে সেটি আমরা ৫ হাজার ৭০০ তে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি।”

তিনি জানান, বাংলাদেশের ৫০ ভাগ লোকের বয়স ২৫ বছরের কম। শিক্ষার হার বাড়ছে, দারিদ্র্য কমছে। ২ কোটি লোক ফেইসবুক ব্যবহার করছে। মোবাইল অপারেটরদের আয়ের ৯ ভাগ আসছে ইন্টারনেট থেকে। ধারণা করা হচ্ছে আগামী কয়েক বছরে মোবাইল কোম্পানির আয়ের প্রায় ৪০ ভাগ আসবে ইন্টারনেট থেকে।

স্বেচ্ছায় চাকরি ছাড়ার স্কিম চালু করায় কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কোনো বিব্রতকর বা হতাশাজনক পরিস্থিতি তৈরি হয়েছে কিনা- জানতে চাইলে এরিক অস বলেন, “আমি কোনো সমস্যা দেখছি না। কোম্পানি ডিজিটাল হতে যাচ্ছে। পুরানো মোবাইল কোম্পানির ধারণা আর নেই। এখন পরিবর্তনের সময়। গ্রাহক সেবার জন্য প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে। এজন্যই ভলেন্টারি সেপারেশন স্কিম চালু করা হয়েছে, যারা কোম্পানির নতুন পথ চলায় অবদান রাখতে পারবে তাদের জন্য সুযোগ তো থাকছেই।”

ট্রেড ইউনিয়ন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সকলের মত প্রকাশের সুযোগ থাকা উচিত। আর ট্রেড ইউনিয়ন শ্রম আইনের অংশ। আইন অনুয়ায়ী কেউ এটি করতে পারলে আমাদের কোন আপত্তি নেই। তবে আইনে নেই এমন কিছু নিশ্চয় কেউ আশা করে না।”

রবি-এয়াটেল একীভূত হলে ব্যবসায় কোনো চাপ সৃষ্টি হবে কিনা- এমন প্রশ্নের জবাবে এরিক অস বলেন, “আমরা বর্তমানে বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান। এটি আমাদের গ্রাহক সেবার কারণেই হয়েছে। আমরা আমাদের গ্রাহকদের সেরা সেবাটা দিয়ে যেতে চাই। আর এজন্য চাই লেবেল প্লেয়িং ফিল্ড।”

তিনি বেতার তরঙ্গ বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে সব কোম্পানিকে সমান সুবিধা দেওয়ারও দাবি জানান।

এরিক বলেন, “গ্রামীণফোন ৩২ মেগাহার্টজ তরঙ্গ পেয়েছে, আমাদের (বাংলালিংকের) আছে ২০ মেগাহার্টজ। আর রবি-এয়ালটেল একীভূত হলে তাদের হবে প্রায় ৪০ মেগাহার্টজ। আমি মনে করি এটা লেবেল প্লেয়িং ফিল্ড না। পরবর্তী তরঙ্গ বরাদ্দের সময় এ বিষয়ে সরকার ভাববে বলে আশা করছি।”

নেদারল্যান্ডসভিত্তিক ভিমপেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান বাংলালিংকের ৩ কোটি ২০ লাখের বেশি গ্রাহক রয়েছে।