চোরাচালান দমনের কেন্দ্রীয় টাস্কফোর্স কমিটি পুনর্গঠন
চোরাচালান দমনে কেন্দ্রীয় টাস্কফোর্সের কমিটি পুনর্গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের সীমান্ত অধিশাখা থেকে গত ১৮ ফেব্রুয়ারি এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়, “চোরাচালান দমনে কার্যকর ভূমিকা রাখার জন্য বর্তমানে কার্যকর কেন্দ্রীয় টাস্কফোর্সের কার্যপরিধি অপরিবর্তিত রেখে কেন্দ্রীয় টাস্কফোর্স কমিটি পুনর্গঠন করা হল।”
১৯ সদস্যের কমিটিতে সভাপতি হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান ও সদস্য সচিব হিসেবে রয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান।
কমিটিতে সদস্য হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, মহাপুলিশ পরিদর্শকের প্রতিনিধি, জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্য, সব বিভাগীয় কমিশনার, বর্ডার গার্ড অব বাংলাদেশের মহাপরিচালক প্রতিনিধি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের প্রতিনিধি, এনএসআইয়ের মহাপরিচালকের প্রতিনিধি, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের প্রতিনিধি, ডিজিএফআইয়ের মহাপরিচালকের প্রতিনিধি থাকবেন।
এছাড়াও কমলাপুর রেলওয়ে রেঞ্জের উপ মহা পুলিশ পরিদর্শকের প্রতিনিধি, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারে ও কাস্টমস হাউজের সব কমিশনার, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, র্যাবের মহাপরিচালক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের প্রতিনিধি, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, এফবিসিসিআইয়ের সভাপতির প্রতিনিধি থাকবেন।
