তথ্যপ্রযুক্তি খাতে সহায়তা দিতে চায় দক্ষিণ কোরিয়া
বাংলাদেশের বিকাশমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সহায়তা দেওয়ার আগ্রহ দেখিয়েছে দক্ষিণ কোরিয়া।
দেশটির রাষ্ট্রদূত আন সেওং ডু বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সামনে এই আগ্রহের কথা জানান।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, “কীভাবে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা যায়, সে বিষয়ে আমরা কাজ করছি। বিশেষ করে বাণিজ্য ক্ষেত্রের আইসিটি এবং বিনিয়োগ।
বাংলাদেশকে শিল্পের বিকেন্দ্রীকরণের পরামর্শ দিয়ে তিনি বলেন, “তৈরি পোশাক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- এটা সত্য। তবে আমি মনে করি, ২০২১ সাল এবং ২০৪১ সালের লক্ষ্য অর্জনে এটা যথেষ্ট নয়।
“এক্ষেত্রে সম্ভাবনাময় খাত হলো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। কোরিয়া এই খাতে বাংলাদেশ সরকার ও বেসরকারি উদ্যোগকে সহযোগিতা করতে প্রস্তুত।”
কোরিয়ান ইপিজেডে এর মধ্যেই কাজ শুরু হয়েছে জানিয়ে রাষ্ট্রদূত আন সেওং ডু বলেন, “এক বা দুটি শুকনো মওসুমের মধ্যে সব উন্নয়ন সম্পন্ন হবে বলে আমরা আশা করছি।
“এটা সম্পন্ন হলে তা কোরিয়া এবং এই দেশে বিশ্বের ভবিষ্যত বিনিয়োগকারীদের একটা বড় ‘ব্যারোমিটার’ হবে। অনেক বড় বড় কোম্পানি এই বিষয়টা পর্যবেক্ষণ করছে।
সংবাদ সম্মেলনে তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে যৌথভাবে বিনিয়োগ করতে চায় দক্ষিণ কোরিয়া।
“সেটা আমরা পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করতে পারবে। তাতে আমাদের রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে পারব। এই বিষয়টা আমরা বিবেচনা করব।”
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মে-জুন মাসে দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন জানিয়ে তোফায়েল বলেন, “তখন এ বিষয়ে অগ্রগতি হতে পারে।”
বাংলাদেশের ইপিজেডে দক্ষিণ কোরিয়ার অনেক বিনিয়োগকারী রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী জানান, কেইপিজেড নিয়ে সমস্যার সমাধান হলে তা আরও বাড়বে।
তিনি জানান, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কেইপিজেড দেওয়ার অঙ্গীকার করে। পরে বিএনপির সময়ে কোরীয়রা জমির জন্য টাকা দিলেও তাদের জমি দেওয়া হয় নাই।
“এরপর তারা কোর্টে গেছে। সেটা এখনো নিষ্পত্তি হয় নাই। একটা জায়গা নিষ্কণ্টক না হলে বিদেশিরাতো এসে বিনিয়োগ করবে না।
“বিষয়টা যতো তাড়াতাড়ি নিষ্পত্তি হবে, ততো তাড়াতাড়ি দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে আসতে পারবে।”
বাণিজ্যমন্ত্রী বলেন, “আমরা তাদেরকে বলেছি, ৫০০ একরে আপনারা আপাতত বিনিয়োগ করেন। পরে পুরো বিষয়টা আমরা দেখব।”
কোরীয় রাষ্ট্রদূত জানান, ওই ৫০০ একর জমিতে এর মধ্যে ২২টি কারখানা চালু হয়েছে, যেখানে মূলত পোশাক সামগ্রী ও জুতা উৎপাদিত হয়।
এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, স্যামসাং অনেক আগ থেকে আগ্রহ প্রকাশ করে আছে। জমি নিয়ে সমস্যা না হলে তারা এখানেই বিনিয়োগ করতো।
২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ায় প্রায় ২৭০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে এবং ১২১৪ মিলয়ন ডলারের পণ্য আমদানি করেছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।
বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার ব্যবসা বাণিজ্যের উপর তৈরি করা এক বিবরণীতে বলা হয়, ২০১৫-১৬ অর্থ বছরের জুলাই-জানুয়ারি সময়ে কোরিয়াতে বাংলাদেশ ১৭৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে।
চামড়া, তাঁতের কাপড়, কাঁচাপাট, পাটজাত দ্রব্য, ওষুধ, প্রক্রিয়াজাত মাছ ও নিটওয়ার রপ্তানি করে থাকে। কোরিয়ায় বাংলাদেশের ৪ হাজার ৮শত ২টি পণ্য শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকে বলে ওই বিবরণীতে বলা হয়।
বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ সকল পণ্যের শুল্কমুক্ত সুবিধা চেয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।
