বাজারে এলো হুয়াওয়ের নতুন মোবাইল
বাংলাদেশের বাজারে দুটি নতুন স্মার্টফোন এনেছে চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে।
সোমবার রাজধানীর এক হোটেলে ‘জিআর ফাইভ’ ও ‘মেইট এইট’ নামে মোবাইল ফোন সেট দুটির বাজারজাতকরণ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস বিজনেস ডিরেক্টর ইংমার ওয়্যাং বলেন, বাংলাদেশের বাজার স্মার্টফোন নির্মাতাদের কাছে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’।
“নতুন এ দুটি ‘ফ্ল্যাগশিপ’ সেট সেই বাজারের প্রতি আমাদের প্রতিশ্রুতির ফসল।”
জিআর ফাইভ স্মার্ট ফোনটির দাম ধরা হয়েছে ২২ হাজার ৯৯০ টাকা।
এতে ফিঙ্গারপ্রিন্ট আইডির পাশাপাশি ৫.৫ ইঞ্চির ডিসপ্লে, ৫.১ অ্যান্ড্রয়েড ললিপপ সিস্টেম, ২ জিবি র্যাম, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১৩ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ অত্যাধুনিক নানা সুবিধা থাকার কথা জানিয়েছে হুয়াওয়ে।
অন্যদিকে ৫৯ হাজার ৯৯০ টাকার মেইট এইট সেটে আছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং প্রযুক্তি, ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ১৬ মেগাপিক্সেল রিয়ার ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো অপারেটিং সিস্টেম, ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি র্যামসহ নানা সুবিধা।
ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটির হুয়াওয়ে এক্সপেরিয়েন্স সেন্টার ও গ্রামীণফোন সেন্টারসহ সারাদেশের রিটেইল আউটলেট ও ব্র্যান্ড শপগুলোতে ফোন দুটো পাওয়া যাবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
বিভিন্ন প্যাকেজ সুবিধাসহ টেলিকম অপারেটর গ্রামীনফোনের স্টার গ্রাহকরাও ১২ ও ২৪ মাসের কিস্তিতে ফোন দুটি কিনতে পারবেন।
