ব্যাংকিং নিরাপত্তায় টেমেনোসের প্রযুক্তিসেবা
বাংলাদেশের ব্যাংক ও আর্থিক খাতের তথ্য ও প্রযুক্তি সেবা আরও নিরাপদ করতে নিজেদের তৎপরতা বাড়ানোর কথা জানিয়েছে জেনেভাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান টেমেনোস।
সম্প্রতি কয়েকটি ব্যাংকের এটিএম বুথ থেকে জালিয়াতির মাধ্যমে তথ্য চুরির পর গ্রাহকদের লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার প্রেক্ষাপটে টেমেনোসের বিশেষজ্ঞরা জাকার্তাভিত্তিক প্রতিষ্ঠান ‘ফট্রেস ডাটা সার্ভিস’ বা এফডিএস’র সঙ্গে সমন্বয় করে কাজ করার ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের কাছে নিজেদের সেবা ও নিরাপত্তার ব্যবস্থার কথা তুলে ধরেন দুই প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা।
১৯৯৩ সাল থেকে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকগুলোকে প্রযুক্তি সহায়তা দিচ্ছে টেমেনোস। বর্তমানে ১৫০টি দেশের দুই হাজারেরও বেশি ব্যাংকের সঙ্গে কাজ করছে তারা।
টেমেনোসের এশিয়া প্যাসেফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক মার্টিন ফ্রিক জানান, বাংলাদেশ, ভারত, চীন, ইন্দোনেশিয়া, ক্যাম্বোডিয়াসহ এশিয়ায় ২০টি দেশের ১৫০ জন গ্রাহক নিয়ে কাজ করছেন তারা। ২০০৩ সাল থেকে বাংলাদেশে কাজ শুরু করে এখন দুটি সরকারি ও ৭টি বেসরকারি ব্যাংকে প্রযুক্তি সেবা দিচ্ছেন।
নতুন করে ইন্দোনেশিয়াভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ফট্রেস ডাকা সার্ভিস গ্লোবালের সঙ্গে প্রযুক্তির উদ্ভাবন বিনিময়ে কাজ করার প্রক্রিয়া শুরুর কথা জানিয়ে তিনি বলেন, এ অংশীদারিত্ব বাংলাদেশে টেমেনোসের বিক্রি, গ্রাহকদের নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিংয়ের পুঁজি বাড়াতে সহায়ক হবে।
এফডিএসের সিইও আন্দ্র সেতিজোসো বলেন, বাংলাদেশ সফটওয়ার শিল্পে এফডিএস একটি নিবেদিত সাপোর্ট টিম গঠন করবে যা গ্রাহকদের বিশেষায়িত পরামর্শক সেবা দেবে। নতুন এই উদ্যোগ টেমেনোসের সেবার ব্যপ্তিকে আরও বাড়াবে।
“এ অংশীদারিত্বের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মেধাবী বিশেষজ্ঞদের নিয়ে আসা হবে। এর মাধ্যমে টেমেনাস গ্রাহক এবং শিল্প প্রতিষ্ঠানের নেতৃত্বের মধ্যে বন্ধন তৈরি করতে সক্ষম হবে।”
