‘জিকা’য় বদলালো গাড়ির নাম
জিকা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় বিশ্বজুড়ে আতঙ্কের প্রেক্ষাপটে ভারতীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাটা মোটরস তাদের নতুন একটি মডেলের নাম বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে।
টাটার এই ‘জিপ্পি কার’ শিগগিরই বাজারে আসার কথা, আদর করে একে ডাকা হচ্ছিল ‘জিকা’ নামে।
মঙ্গলবার এক বিবৃতিতে টাটা মোটরস ওই গাড়ির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বলে রয়টার্সের খবর।
বিবৃতিতে টাটা মোটরস বলেছে, ‘সামাজিকভাবে দায়বদ্ধ’ একটি কোম্পানি হিসেবে তাদের এই সিদ্ধান্ত। গাড়ির নতুন নাম আগামী কয়েক সপ্তাহের মধ্যে জানিয়ে দেওয়া হবে।
অবশ্য বুধবার ‘নিউ দিল্লি মোটর শোতে ‘জিপ্পি কার’ নামেই প্রথমবারের মতো প্রদর্শিত হবে এই গাড়ি।
বর্তমানে জাগুয়ার ও ল্যান্ড রোভারের মালিক টাটা মোটরস ভারতের বৃহহত্তম অটোমোবাইল নির্মাতা।
রয়টার্স লিখেছে, সাত বছর আগে মাত্র তিন হাজার ডলারে ন্যানো বিক্রি করে সাড়া ফেলে দেওয়া এই কোম্পানি এখন ‘সস্তা’র তকমা ঘুচিয়ে ভাবমূর্তি উন্নয়নের চেষ্টায় আছে।
এর অংশ হিসেবে জিকার প্রচারে তারা ব্যয় করেছে বিপুল পরিমাণ অর্থ। ফুটবল তারকা লিওনেল মেসিকে এ গাড়ির বিজ্ঞাপনে মডেল করেছে টাটা মোটরস।
জিকা ভাইরাস মোকাবেলায় বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দুই আমেরিকার ৪০ লাখ মানুষ এ ভাইরাসে আক্রান্ত হতে পারেন।
