২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেপিপিএলের পণ্য ১৫ দিনের মধ্যে খালাসের নির্দেশ

খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের (কেপিপিএল) বন্ড লাইসেন্স ও লক বিন (বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর) স্থগিতের আদেশ অবৈধ ঘোষণা করেছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 02:59 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাই কোর্ট বেঞ্চ এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে বুধবার এ রায় দেয়।

একইসঙ্গে বন্দরে আটকে থাকা ১৮টি এলসির মাধ্যমে কেপিপিএলের আমদানি করা পণ্য ১৫ দিনের মধ্যে খালাসেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।   

আদালতে রিট আবেদনকারীর পক্ষে আরও ছিলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও মো. রুহুল আমিন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান ও সহকারী অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা।

রিট আবেদনকারী পক্ষ জানায়, গত ২৬ অগাস্ট মংলা কাস্টমস হাউজ কোনো কারণ দর্শানো ছাড়াই কেপিপিএলের বন্ড লাইসেন্স ও বিন লক স্থগিতের পাশাপাশি প্রতিষ্ঠানটির আমদানি পণ্য খালাসও বন্ধ করে দেয়।

এর বৈধতা চ্যালেঞ্জ করে গতবছর রিট করেন কেপিপিএলের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন, যার প্রাথমিক শুনানি নিয়ে ৩০ নভেম্বর হাই কোর্ট রুল দেয়।

কাস্টমস হাউজের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না- রুলে তা জানতে চাওয়া হয়। আর রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বুধবার আদালত রায় দেয়।

আইনজীবী মেহেদী বলেন, “১৮টি এলসির মাধ্যমে আমদানি করা পণ্য ১৫ দিনের মধ্যে খালাস করতে নির্দেশ দিয়ে আদালত বলেছেন, কাস্টমস হাউজের কার্যক্রম বেআইনি, প্রতিহিংসা ও ক্রোধ থেকে উদ্ভুত।”

অন্যদিকে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করতে অ্যার্টনি জেনারেল কার্যালয়ে নোট পাঠানো হবে বলে সহকারী অ্যার্টনি জেনারেল প্রতিকার চাকমা জানিয়েছেন।