২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপ-আমেরিকার কাছে পোশাকের ‘ফেয়ার প্রাইস’ দাবি

অ্যাকর্ড ও অ্যালায়েন্সের তত্ত্বাবধানে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে গিয়ে ব্যয় বাড়লেও বিদেশি ক্রেতাদের কাছ থেকে ‘বাড়তি সেই দাম’ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে দেশের তৈরি পোশাক রপ্তানিকারকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2016, 10:46 PM

Updated : 11 Oct 2022, 07:40 PM

মঙ্গলবার রাজধানীতে যৌথ সংবাদ সম্মেলন করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ক্রেতাদের বিরুদ্ধে এই অভিযোগ তুলে তাদের কাছে ‘দায়িত্বশীল’ ব্যবসা করার ও পোশাকের ‘ফেয়ার প্রাইস’ দেওয়ার দাবিও জানিয়েছে বিজিএমইএ এবং বিকেএমইএ।

বিজিএমইএ’র সম্মেলন কক্ষে ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান। এসময় বিকেএমইএ’র সহ-সভাপতি মনসুর আহমেদ এবং বিজিএমইএ’র জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারুক হাসান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, অ্যাকর্ড ও অ্যালায়েন্সকে সঙ্গে রেখে নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে প্রতিটি কারখানার জন্য গড়ে অতিরিক্ত প্রায় ৫ কোটি টাকা ব্যয় হচ্ছে। যার ফলে পণ্যের উৎপাদন ব্যয় আগের চেয়ে বেড়ে গেছে। এমন এক পরিস্থিতিতে পোশাক শিল্পের সবচেয়ে বড় দুই বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে দরপতন অব্যাহত রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শ্রমিকদের জীবন-মানের উন্নয়নে তৈরি পোশাকের দাম বাড়াতে বিদেশি ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়ে আসছেন।

তাজরীন ফ্যাশন্সে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসের পর বিশ্ব ক্রেতা গোষ্ঠীর পক্ষে এ দুটি সংগঠন তৈরি করে বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোর কর্মপরিবেশ ও নিরাপত্তা উন্নয়নে চুক্তি করা হয়।

সংগঠন দুটি ২০১৩ সালের জুলাই মাসে ৫ বছর মেয়াদে বাংলাদেশের পোশাক কারখানার কর্মপরিবেশ, নিরাপত্তা উন্নয়ন ও শ্রমিক সংগঠনগুলার উন্নয়নে কাজ শুরু করে।

রানা প্লাজা ধসের পর বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের প্রধান ক্রেতা ইইউ কারখানার নিরাপত্তা ও শ্রমিক অধিকার রক্ষায় ‘সাসটেইনেবল কমপ্যাক্ট’ নামে কর্ম পরিকল্পনা হাতে নেয়।

আন্তর্জাতিক শ্রম সংস্থা- আইএলও’র সমর্থনে বাংলাদেশ সরকারের সঙ্গে ইইউ’র ওই চুক্তির প্রসঙ্গ তুলে সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি বলেন, “কমপ্যাক্ট এর প্রধান তিনটি স্তম্ভের মধ্যে দায়িত্বশীল ব্যবসা পরিচালনা অন্যতম।

“বর্তমানে কারখানা ভাবনের নিরাপত্তা, সংস্কার ও মজুরিসহ সব ক্ষেত্রে ব্যবসা পরিচালনার ব্যয় বৃদ্ধি পেয়েছে। অ্যাকশন প্লান বাস্তবায়নে প্রতিটি কারখানাকে গড়ে প্রায় ৫ কোটি টাকা ব্যয় করতে হচ্ছে।”

তিনি বলেন, “আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্রেতাদের কাছে একান্ত অনুরোধ, গ্লোবাল ভ্যালু চেইনের অংশ হিসেবে এদেশের শিল্পকে টেকসই করতে দায়িত্বশীল ব্যবসা করুন, আমাদের ফেয়ার প্রাইস দিন।”